হাভানা, জুন ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- কিউবান বিপ্লবের নারীনেত্রী এবং দেশটির সবচেয়ে ক্ষমতাধর নারী রাজনীতিবিদ ভিলমা এসপিন সোমবার হাভানায় মৃত্যুবরণ করেছেন। তিনি ফিদেল কাস্ত্রোর ছোটভাই এবং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর স্ত্রী। ৭৭ বছর বয়সী এ নারীনেত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে দেশটির সরকারি টেলিভিশন জানিয়েছে।
ভিলমা এসপিন কিউবায় নারী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিলেন। ফিদেল কাস্ত্রোর স্ত্রী ডালিয়া সোতো দেল ভ্যালে কখনোই তেমনভাবে জনজীবনে উপস্থিত না থাকায় বিপ্লবী অতীত আর প্রতক্ষ্য রাজনৈতিক জীবন নিয়ে কিউবার শীর্ষ নারীর ভূমিকায় দেখা গেছে এসপিনকেই।
১৯৮০ সালে সেলিয়া সানচেজের পর এসপিনের মৃত্যুই কোনো শীর্ষ কিউবান বিপ্লবীর মৃত্যু।
১৯৫৬ সালে স্বৈরশাসক বাতিস্তার বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে কিউবান বিপ্লবে সামিল হয়েছিলেন এসপিন। সেসময় তার জন্মশহর কিউবার পূর্ব উপকূলে সান্তিয়াগোর বাসিন্দা ছিলেন তিনি।
বিপ্লবের সময় সিয়েরা মায়েস্ত্রা পর্বতে কাস্ত্রোর গেরিলা দলেই রাউলের সঙ্গে পরিচয় হয়েছিল এসপিনের। ১৯৫৯ সালে বাতিস্তার পরাজয়ের পর বিপ্লবীদের রাজধানী হাভানা বিজয়ের সময়ে বিয়ে করেন রাউল কাস্ত্রো ও ভিলমা এসপিন।
একবছর পর ১৯৬০ সালে ফিদেলের নির্দেশে কিউবান উইমেন্স ফেডারেশন প্রতিষ্ঠা করে তার নেতৃত্ব দেন এসপিন। বর্তমানে দেশটির ৮৫ শতাংশ নারী ওই ফেডারেশনের সদস্য।
এসপিন ছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার। বিপ্লবে যোগ দেওয়ার আগে ম্যাচাসুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি থেকে তার ব্যাচেলর ডিগ্রী নিয়েছিলেন তিনি।
১৯৬৫ সালে কিউবার কম্যুনিস্ট পার্টি গঠনের সময় থেকে এর কেন্দ্রীয় পরিষদের সদস্য ছিলেন তিনি। ১৯৮০ থেকে ১৯৯১ পর্যন্ত পার্টির পলিটব্যুরোর সদস্য এবং পরে কিউবার সর্বোচ্চ রাষ্ট্রীয় পরিষদ 'কাউন্সিল অফ স্টেট' এর সদস্য ছিলেন তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৪০৫ ঘ.
bdnews24