রামাল্লাহ, পশ্চিম তীর, জুন ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- হামাস সরকার বিলুপ্ত করার পর পার্লামেন্টের অনুমোদন ছাড়াই রোববার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এক বিশেষ ডিক্রিবলে শপথ নিয়েছে নতুন ফিলিস্তিনর সরকার। এর মধ্য দিয়ে ফিলিস্তিনে ত্রাণ সরবরাহের ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পথ প্রশস্ত হল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আব্বাসের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তবে হামাস বলেছে, তারা এ জরুরি সরকারকে স্বীকৃতি দেবে না।
নতুন সরকার গঠনের জন্য সাংবিধানিক বাধা দূর করতে আব্বাস শনিবার ওই ডিক্রি জারি করেন। এর বদৌলতেই রোববার শপথ নিয়েছে আব্বাসের ১৩ সদস্যের মন্ত্রীসভা। এদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে সাবেক এক গেরিলা নেতাকে।
নতুন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী সালাম ফায়েদ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, "জনগণের নিরাপত্তাকেই স্বার্বভৌম আইনের ভিত্তিতে সবচে বেশি অগ্রাধিকার দেবে তার সরকার।"
আব্বাস শনিবার বিশেষ ডিক্রি জারি করার পাশাপাশি হামাসের শসস্ত্র শাখাগুলোকেও নিষিদ্ধ ঘোষণা করেন।
এবার তার সরকারের নতুন প্রধানমন্ত্রী সারঅম ফায়েদ হামাসের সমস্ত ব্যাংক একাউন্ট জব্দ করেছেন। এতে করে সাবেক হামাস সরকারের মন্ত্রীরা তহবিল হাতে পাবেন না। এর আগে ওয়াশিংটনও হামাসের মন্ত্রীদের আন্তর্জাতিক তহবিলের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছে।
এদিকে, আব্বাসের এসব পদক্ষেপকে অনৈতিক বলে একে হামাসের বিরুদ্ধে 'অভ্যুত্থান' বলে অভিযোগ তুলেছে হামাস।
নতুন আব্বাস সরকার শপথ নেওয়ার পর ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক রক্ষাকারী মার্কিন কনসাল জেনারেল জ্যাকব ওয়ালেস রয়টার্সকে বলেছেন," এই সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ক্ষেত্রে কোনো অর্থনৈতিক ও রাজনৈতিক বাধা আসবে না। এ সরকার পূর্ণ সমর্থন পাবে।"
যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক আছে এমন একজনকে প্রধানমন্ত্রী করে নতুন সরকার গঠনের আব্বাসের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টও। তিনি এ পদক্ষেপকে শান্তি প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে বর্ণনা করেন।
ওলমার্ট বলেন, "বর্তমান পরিস্থিতিতে দীর্ঘদিন পর শান্তি প্রক্রিয়া সচল হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে আরও অনেক সুযোগ ও সম্ভাবনার দ্বার খুলে গেছে।"
এদিকে, হামাস বলেছে, তারা জরুরি সরকারকে স্বীকৃতি দেবে না।
হামাসের এক কর্মকর্তা আবু জুহরি রয়টার্সকে বলেন, "ফায়াদ সরকার জাতীয় সরকার নয়, এমনকী বৈধও নয়। এ সরকার বৈধতা কিংবা স্বীকৃতি পেতে পারে না। কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলই এ সরকারকে স্বীকৃতি দিতে পারে।"
এদিকে জরুরি অবস্থা সম্পর্কে রয়টার্স জানায়, ফিলিস্তিনি আইন অনুযায়ী, জরুরি অবস্থার মেয়াদ ৩০ দিনের বেশি হতে পারবে না। তবে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ ভোটে নতুন মেয়াদে আরও ৩০ দিনের জন্য জরুরি অবস্থা দীর্ঘায়িত করা যাবে।
ফিলিস্তিনি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে হামাসের। কিন্তু হামাসের বেশিরভাগ পার্লামেন্ট সদস্যই ইসরায়েলের হাতে বন্দি থাকায় এমনকি কোরাম পূরণ করাও তাদের জন্য কষ্টকর ছিল। একইকারণে কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তাদের সমস্যা হতো।
পার্লামেন্ট সদস্যদের এ অনুপস্থিতির সুযোগ নিয়ে জরুরি অবস্থাকে দীর্ঘায়িত করতে পারেন আব্বাস। কিছু ফাতাহ নেতা ও মার্কিন কর্মকর্তারা মনে করছেন, প্রেসিডেন্ট আব্বাস চাইলে জরুরি অবস্থা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাড়াতে পারেন এবং আগামী বছরের নির্বাচনের আগ পর্যন্ত ফিলিস্তিন শাসন করতে পারেন।
ফিলিস্তিনের সঙ্গে সম্পর্ক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত মার্কিন কনসাল জেনারেল জ্যাকব ওয়ালেস প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠকের পর রয়টার্সকে বলেছেন যে নতুন ফিলিস্তিনি সরকার গঠনের পর সরাসরি সাহায্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। ফলে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের জন্যও সাহায্য পাঠানো সহজ হবে বলেও জানান তিনি।
এদিকে, গাজায় হামাসের একচ্ছত্র নিয়ন্ত্রণের চতুর্থদিনে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন শত শত ফাতাহ সমর্থক। স্থলপথের পাশাপাশি সমুদ্রপথেও গাজা ছাড়ছেন বহু মানুষ।
অন্যদিকে পশ্চিম তীরের হামাস সমর্থকদের ওপর হামলার বদলা নিতে সেখানে পাল্টা আঘাত হানার হুমকি দিয়েছে হামাস।
হামাস কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন পশ্চিম তীরে দেড়শ'রও বেশি হামাস সমর্থককে অপহরণ করেছে ফাতাহ।
তিনি বলেন,"পশ্চিম তীরে ফাতাহর এসব সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে হাত গুটিয়ে বসে থাকবো না আমরা। এসব তৎপরতার অবসান নিশ্চিত করতে আমরা ব্যবস্থা নেব।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪০ঘ.
bdnews24