ব্রাসেলস জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এনডিটিভি)--- যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা নিয়ে এগুবে। আজারবাইজানে রাশিয়ার রাডার ব্যবহারের বিকল্প প্রস্তাবে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা বাতিল করবে না। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস একথা বলেছেন।
বৃহস্পতিবার ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর গেটস বলেন, রাশিয়ার ওই প্রস্তাব পাওয়ার পর যুক্তরাষ্ট্র পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পরিকল্পনা বাদ দেওয়ার কথা চিন্তা করবে এমন সম্ভাবনা গেটস নাকচ করেন। তাছাড়া, আগামী মাসে ওই প্রস্তাবের ব্যাপারে রাশিয়ার সঙ্গে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করেন।
গেটস বলেন, "ন্যাটো বৈঠকে আমি স্পষ্ট করেই বলেছি যে, আজারবাইজানের রাডারকে আমরা অতিরিক্ত সক্ষমতা হিসাবেই দেখব। আর এর পাশাপাশি আমরা চেক প্রজাতন্ত্রে এক্স-ব্যান্ড রাডার গড়ার পরিকল্পনা নিয়ে এগুব।"
রাশিয়ার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা পরিকল্পনা গড়ার পরিকল্পনা বাদ দিতে বলার পর গেটস এ মন্তব্য করলেন। তার এ মন্তব্যের ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সারদুয়কভ কোনো মন্তব্য করেননি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২১ঘ.
bdnews24