জাকার্তা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ জঙ্গি সংগঠন জামাহ ইসলামিয়ার প্রধানকে আটক করেছে ইন্দোনেশিয়া। চরমপন্থী এই মুসলিম নেতার নাম জারকারিশ ওরফে মেবাহ। দেশটির সন্ত্রাসবিরোধী বিশেষ পুলিশ গত শনিবার তাকে আটক করলেও তার পরিচয় নিশ্চিত হওয়ার পর শুক্রবার কর্মকর্তারা একথা জানান।
'ডিটাচমেন্ট ৮৮' নামের পুলিশের ওই বিশেষ শাখার কর্মকর্তা সূর্যদারমা সালিম নসুশন জানান," জামাহ ইসলামিয়ার জরুরি অবস্থায় সংগঠনের প্রধানের দায়িত্ব পালন করেন তিনি। তার অবস্থান আবু দুজানার ওপরে। দুজানা আর তিনি একইদিনে ধরা পড়েন।"
জামাহ ইসলামিয়ার সামরিক শাখার প্রধান আবু দুজানাকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করার দুদিন পর জারকারিশকে গ্রেপ্তারের কথা জানালো পুলিশ।
মধ্য জাভার যজ্ঞকর্তায় চালানো বিশেষ অভিযানে জারকারিশ ও আবু দুজানাসহ বেশ কয়েকজন শীর্ষ নেতাকে শনিবার আটক করে পুলিশ। জামাহ নেতা আবু বকর বশির এবং আবু রুশদানের পর তিনিই সংগঠনের নেতৃত্ব দেন।
জাকার্তার হোটেলে বোমা হামলা এবং ২০০৫ সালের বালি দ্বীপের বোমা হামলার জন্য জামাাহ ইসলামিয়া জঙ্গিদের দায়ী করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৮২০ ঘ.
bdnews24