গাজা, জুন ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ফিলিস্তিনি প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার দল হামাস পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহকে হটিয়ে দিয়ে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বৃহস্পতিবার। এদিকে গত কয়দিনের লড়াইয়ে গাজায় ফাতাহর শেষ দুর্গ প্রেসিডেন্টের দপ্তরটিও হামাসের দখলে চলে গেলে হানিয়ার নেতৃত্বাধীন হামাস সরকারকে বিলুপ্ত ঘোষণা করে পুরো ফিলিস্তিনি ভূখন্ডে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট আব্বাস।
বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন ভাষণে আব্বাসের সরকার বিলুপ্তির ঘোষণাকে অগ্রাহ্য করার কথা জানিয়ে অবিলম্বে একটি জাতীয় সংলাপে বসার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী হানিয়া।
এদিকে হামাস ফাতাহ সংঘর্ষে শুধু বৃহস্পতিবারেই ৩০ জন নিহত হয়েছেন গাজায়। আর এ নিয়ে গত ছয়দিনে নিহতের সংখ্যা দাঁড়ালো ১১০ জনে।
পশ্চিম তীরে নিজের ঘাঁটি থেকে সরকার বিলুপ্তি ও জরুরি অবস্থার ঘোষণা দিয়ে মাহমুদ আব্বাস বলেছেন, গাজায় হামাসের সন্ত্রাসী তৎপরতা ও সামরিক অভ্যত্থানের কারণেই এ অবস্থা সৃষ্টি হয়েছে।
এক বিবৃতিতে আব্বাস বলেন,"গাজা উপত্যকায় দুর্বৃত্তদের যুদ্ধ এবং সামরিক অভ্যুত্থানের কারণে পুরো ফিলিস্তিনি ভুখণ্ডে জরুরি অবস্থা ঘোষণা করছি আমি।"
তাৎক্ষণিকভাবেই আব্বাসের এ ঘোষণাকে অগ্রাহ্য করার ঘোষণ দিয়েছেন ইরান ও সিরিয়া সমর্থিত হামাস নেতা প্রধানমন্ত্রী হানিয়া। তিনি বলেছেন ক্ষমতার অপব্যবহার করেই হামাসকে এ অবস্থায় ঠেলে দিয়েছে ফাতাহ। টিভিতে প্রচারিত তার ভাষণে অবিলম্বে একটি জাতীয় সংলাপে বসার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন," প্রেসিডেন্ট আব্বাস তার আইনসঙ্গত কর্তৃত্ব চর্চা করেছেন এবং আমরা তাকে পুরোপুরি সমর্থন করি।"
একইসঙ্গে 'সন্ত্রাসী কর্মকান্ডের' জন্য হামাসকে অভিুযুক্ত করে গাজা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে বিদেশী সেনা নিয়োজিত করার বিষয়ে কথা বলেছেন রাইস। তবে তিনি স্বীকার করেছেন যে, গাজায় মোতায়েনের জন্য বিদেশী সেনা পাওয়াটা কঠিন হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/জিএনএ/১২৪০ ঘ.
bdnews24