বেইজিং, জুন ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দূষিত পানি ও খরাক্রান্ত চীন এ সঙ্কট মোকাবেলায় সমুদ্রের পানিকে লবণাক্তমুক্ত করে ব্যবহারের পরিকল্পনা করছে। এজন্য সাংহাইয়ে দক্ষিণে ঝেজিয়াং প্রদেশে বিশালাকারের একটি পানি শোধনাগার স্থাপন করবে দেশটি। চীনের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বুধবার একথা জানিয়েছে।
ব্যাপক খরা ও কলকারখানার দূষণে চীনের কয়েক লাখ মানুষ বর্তমানে খাবার পানি থেকে বঞ্চিত। বিশ্বের এক-পঞ্চমাংশ মানুষ এদেশে বাস করলেও পানিসম্পদের মাত্র সাত শতাংশ তারা ব্যবহার করতে পারেন।
মের শেষার্ধে এবং জুনের প্রথমার্ধে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে অবস্থিত দেশটির তৃতীয় বৃহত্তম লেক তাইহুতে দুর্গন্ধযুক্ত শৈবালের চাই ছড়িয়ে পড়লে লেকটির ওপরের দিকের পানি খাওয়ার অযোগ্য হয়ে পড়ে। ফলে বিশুদ্ধ খাবার পানি থেকে বঞ্চিত উইজি শহরের ২৩ লাখ মানুষকে বাধ্য হয়ে বোতলের পানি ব্যবহার করতে হয়।
প্রতিবেশী ঝেজিয়াং প্রদেশে স্থাপিত হতে যাচ্ছে সমুদ্রের পানি লবণাক্তমুক্ত করার ওই বিশাল প্রকল্প। এটি চূড়ান্তভাবে অনুমোদন করবে জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন।
শোধনাগারের ক্ষমতা বিচারে এটা হবে দেশের বৃহত্তম প্রকল্প। এ সংক্রান্ত সবচেয়ে বড় আকারের প্রকল্পটি বর্তমানে বাস্তবনাধীন। এটি নির্মিত হচ্ছে উত্তরাঞ্চলীয় তিয়ানজিন শহরে। ওই শহরটিও খাবার পানির সঙ্কটে ভুগছে।
চীনের দক্ষিণাঞ্চলে প্রতি বছর ভয়াবহ বন্যা হয়। এ সমস্যা মোকাবেলায় এ অঞ্চল থেকে উত্তরে পানি সরিয়ে নিতে বড় আরেকটি প্রকল্পে কয়েকশ কোটি ইয়েন বিনিয়োগ করছে চীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/১৪০৭ ঘ.
bdnews24