মায়ামি, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ঐতিহাসিক নুরেমবার্গ বিচার প্রক্রিয়ার মার্কিন বিচারক হেনরি কিং জুনিয়র গুয়ান্তানামো বন্দিশালার বিচার প্রক্রিয়াকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নাৎসি যুদ্ধাপরাধীদের বিচারের সময় যে সুষ্ঠ নীতিমালা গ্রহণ করে নুরেমবার্গ বিচার প্রক্রিয়া ইতিহাস সৃষ্টি করেছিল, গুয়ান্তানামো বন্দিশালায় সেসব নীতিমালার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে হেনরি কিং একথা বলেছেন।
গুয়ান্তানামোর বিচার প্রক্রিয়ার সমালোচনা করে হেনরি কিং জুনিয়র বলেন, "আমার ধারণা, ওই বন্দিশালায় যা হচ্ছে সেসব দেখলে নুরেমবার্গ ট্রাইবুনালের রূপকার রবার্ট জ্যাকসন তার কবর থেকে উঠে দাঁড়াতেন।"
তিনি বলেন, "তারা যা করছে তা নুরেমবার্গ নীতিমালার লঙ্ঘন এবং একইসঙ্গে ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনের চেতনাবিরোধী এসব কর্মকাণ্ড।"
ওহাইওতে তার বাসস্থল থেকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে কিং বলেন, "সুষ্ঠু বিচার প্রক্রিয়ার ভিত্তি হলো আমাদের ঐতিহ্য, আমাদের উত্তরাধিকার।"
তিনি বলেন, "সুষ্ঠুতা, স্বচ্ছতা, আত্মপক্ষ সমর্থনের পর্যাপ্ত সুযোগ এবং যেসব তথ্যপ্রমাণের ভিত্তিতে অপরাধীদের বিচার করা হচ্ছে সেসব দেখার সুযোগ দেওয়া- এসব নীতিমালার মধ্য দিয়েই বিশিষ্টতা অর্জন করেছিল নুরেমবার্গ বিচার প্রক্রিয়া।"
কিং বলেন, "মানুষকে নির্যাতনের মাধ্যমে প্রমাণ যোগাড় করে তা আদালতে হাজির করা, মৌখিক সাক্ষ্যকে অনুমোদন দেওয়া এবং এমনকিছু তথ্যপ্রমাণ বা দলিল দস্তাবেজকে বিচার কাজে ব্যবহার করা যা অভিযুক্তরা দেখার সুযোগ পাবেন না- এ ধরনের বিচার প্রক্রিয়ার স্বপ্ন দেখেননি রবার্ট জ্যাকসন।"
তিনি বলেন, "গুয়ান্তানামো বন্দিদের সামরিক আদালতে কিংবা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় আদালতে বিচার হওয়া উচিৎ। কিন্তু তা হতে হবে একটি সুষ্ঠু আইনের আওতায় এবং অভিযুক্তদের জন্য অবশ্যই মুক্তির পথকে উন্মুক্ত রাখতে হবে।"
এ সময় তিনি মনে করিয়ে দেন যে নুরেমবার্গে তিনজন অভিযুক্ত শেষপর্যন্ত খালাস পেয়েছিলেন।
কিং বলেন, গুয়ান্তানামো বন্দিশালায় সন্দেহভাজন সন্ত্রাসীদের বিচার করতে গিয়ে যুক্তরাষ্ট্র নুরেমবার্গের বিচার প্রক্রিয়ার ঐতিহ্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমি মনে করি না যে এটা আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানির নাৎসী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত নুরেমবার্গ ট্রাইবুনালের প্রধান কৌশুলি ছিলেন মার্কিন সুপ্রিমকোর্টের বিচারক হেনরি কিং জুনিয়র।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসআরএস/১৫০৮ ঘ.
bdnews24