২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের দৌঁড়ে এগিয়ে গ্রিসের অ্যাক্রোপলিস ও মেক্সিকোর মায়া সভ্যতার ধ্বংসাবশেষ

বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের দৌঁড়ে এগিয়ে আছে গ্রিসের অ্যাক্রোপলিস ও মেক্সিকোর চিচেন ইতজায় প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ। মে মাসে সমাপ্ত এ সংক্রান্ত একটি ভোটের প্রাথমিক ফলাফল জানাতে গিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছে আয়োজক সংস্থা। অনলাইন ও ফোনে সারা বিশ্ব থেকে ভোট গ্রহণের পর আগামী ৭ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে এ সংক্রান্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউসেভেনওয়ান্ডার্স ডট কমে ঢুকে ভোট দিতে পারবেন যেকেউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 08:06 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

লিসবন, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের দৌঁড়ে এগিয়ে আছে গ্রিসের অ্যাক্রোপলিস ও মেক্সিকোর চিচেন ইতজায় প্রাচীন মায়া সভ্যতার ধ্বংসাবশেষ। মে মাসে সমাপ্ত এ সংক্রান্ত একটি ভোটের প্রাথমিক ফলাফল জানাতে গিয়ে এমনটাই ইঙ্গিত দিয়েছে আয়োজক সংস্থা। অনলাইন ও ফোনে সারা বিশ্ব থেকে ভোট গ্রহণের পর আগামী ৭ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে এ সংক্রান্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। বিশ্বের নতুন সপ্তাশ্চর্য নির্বাচনের জন্য ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট নিউসেভেনওয়ান্ডার্স ডট কমে ঢুকে ভোট দিতে পারবেন যেকেউ। ২০০০ বছর আগে গ্রিকরা বিশ্বের সপ্তাশ্চার্য নির্বাচন করেছিল। তবে আগামী ৭ জুলাই থেকে বদলে যাচ্ছে এ তালিকা। কারণ, ওই সময় গ্রিকরা যে পদ্ধতিতে এ তালিকা তৈরি করেছিল, এবারের তালিকা হচ্ছে তা থেকে পুরোপুরি ভিন্ন। মানুষের তৈরি এসব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে কোন সাতটি একুশ শতকে বিশ্বের সপ্তাচর্য হিসেবে বিবেচিত হওয়া উচিৎ, তা নিয়ে এখন পর্যন্ত ভোট দিয়েছেন প্রায় পাঁচ কোটি মানুষ। আয়োজক সংস্থাটির এক মুখপাত্র টিয়া ভিয়েরিং বলছেন, যেকেউ এ প্রতিযোগিতায় অংশ নিয়ে তার মতামত জানাতে পারেন। ভিয়েরিং জানান, "আগামী চার সপ্তাহে এমন অনেক চিন্তাপ্রসূত, অভূতপূর্ব ঘটনা ঘটবে যা চূড়ান্ত ফলাফলকে প্রভাবিত করতে পারে।" সবচেয়ে জনপ্রিয় ১০টি সপ্তাশ্চর্যের মধ্যে আছে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র ভারতের আগ্রার তাজমহল ও ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোর আকাশচুম্বী মূর্তি খ্রাইস্ট রিডিমার, রোমের কলোসিয়াম, প্যারিসের আইফেল টাওয়ার, চীনের মহাপ্রাচীর, পেরুর মাচুপিচু, জর্ডানের পেত্রা, ইস্টার দ্বীপের মূর্তি। অনেক দেশ তাদের নাগরিকদের উৎসাহিত করছে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য। এজন্য তারা বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করছে। যেমন তাজমহলের পক্ষে ভোট পেতে ভারতের এক গায়ক একে নিয়ে গান গেয়েছেন। খ্রাইস্ট রিডিমারের পক্ষে প্রচারণা চালাচ্ছেন খোদ ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াররা। ভিয়েরিং জানান, কজন ভোটার এগুলোকে নিয়ে তৈরি আলাদা আলাদা সাইটগুলোর কোনটিতে ঢুকে ভোট দিয়েছেন তা এখনই প্রকাশ করা হচ্ছে না, কারণ তাতে চূড়ান্ত ফলাফল প্রভাবিত হতে পারে। বিশ্বের সবচেয়ে বড় এ জরিপের আয়োজন করেছেন সুইস-কানাডীয় চলচ্চিত্রকর বার্নার্ড ওয়েবার। প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের মধ্যে এখনও টিকে আছে শুধু গিজার পিরামিড। আরও দুটি সপ্তাশ্চর্যের অবস্থান ছিল ভূমধ্যসাগরীয় অঞ্চলে, এগুলো হলো আলেক্সান্দ্রিয়ার বাতিঘর ও ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৩৪২ ঘ.