ব্যাঙ্গালোর, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের কৃষি প্রবৃদ্ধির মন্থর হার উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন দেশটির অর্থমন্ত্রী পালানিয়াপ্পান চিদাম্বরম। দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ জনগোষ্ঠী ১০০ কোটিরও বেশি মানুষ জীবন ধারণের জন্য কৃষির ওপর নির্ভরশীল। অথচ দেশটির মোট দেশজ উৎপাদনের মাত্র ১৮ শতাংশ আসে কৃষি থেকে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় ব্যাঙ্গালোর শহরে জীবপ্রযুক্তি নিয়ে এক সম্মেলনে তিনি বৃহস্পতিবার বলেন, "আজ আমাদের অর্থনীতি হলো এক লাখ কোটি ডলারের। এরপরও আমরা কৃষি প্রবৃদ্ধির মন্থর গতি নিয়ে উদ্বিগ্ন।
গত মার্চ মাসে সমাপ্ত অর্থবছর পর্যন্ত ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক চার শতাংশ হারে। গত ১৮ বছরে এটাই সবচেয়ে দ্রুতগতির প্রবৃদ্ধি। কিন্তু এই সময়ের মধ্যে কৃষি প্রবৃদ্ধির হার ছিল দুই দশমিক সাত শতাংশ। অন্যদিকে সেবা ও শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১১ শতাংশ এবং ১০ দশমিক নয় শতাংশ হারে।
চিদাম্বরম জানান, গত ১০ বছরে গম ও ধানের উৎপাদন স্থবির হয়ে পড়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৬২৮ ঘ.
bdnews24