আক্রা, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনয়ন পাওয়া নতুন বিশ্বব্যাংক প্রধান রবার্ট জেলিক এ পদে সমর্থন আদায়ের চেষ্টায় আফ্রিকা, ইউরোপ এবং লাতিন আমেরিকায় তার দু সপ্তাহব্যাপী সফরের শুরুতেই বুধবার ঘানায় পৌঁছেছেন। ঘানা সফরকালে তিনি বিশ্বের সবচে দরিদ্র আফ্রিকা মহদেশকে অংশীদার করে নেওয়ার প্রতিশ্র"তি দেন।
আফ্রিকার সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার কথা উল্লেখ করে জেলিক আফ্রিকার মহাদেশের বিভিন্ন সমস্যার কথা শুনতে চাওয়া এবং এ থেকে শিক্ষা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। অতীতে আফ্রিকাকে বিশ্বব্যাংকের মতো এরকম আরও অনেক প্রতিষ্ঠান থেকে প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য সাহায্য নিতে হয়েছে।
জেলিক বলেন, "আফ্রিকার বিভিন্ন সমস্যার কথা শুনতে চাওয়া এবং এসব সমস্যার দিকে নজর দেওয়াটাই অংশীদারিত্ব গড়ে তোলার সবচে ভালো পথ।"
সাংবাদিকদের তিনি বলেন, "অনেক দেশেই ভালো ভালো মন্ত্রীরা আছেন। তাদের কি করতে হবে সে ব্যাপারে ভালো ধারণা আছে। বিশ্বব্যাংক তাদের সঙ্গে কাজ করবে এবং তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে অবদান রাখবে বলেই আমি আশা করি। একাজ বাইরে থেকে করা সম্ভব নয় উল্লেখ করে জেলিক বলেন, আফ্রিকার জনগণকেই একাজ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে বিশ্ব ব্যাংক এবং অন্যান্যরা কিভাবে সাহায্য করতে পারে সেটি ভেবে দেখা। "
সোমবার বিশ্ব সফরের উদ্দেশে রওনা দেন জেলিক। বিভিন্ন দেশের সরকারের কাছ থেকে তাদের উন্নয়ন কর্মসূচির অগ্রধিকারের বিষয়গুলো সরাসরি শুনতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
ঘানায় রওনা দেওয়ার প্রাক্কালে সাংবাদিকদের জেলিক বলেন, "আমি যে সবার কথা শুনে এবং সবার দৃষ্টিকোণ বিবেচনা করেই কাজ করে যাওয়ার ব্যাপারে আন্তরিক তা প্রমাণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।" সৌজন্যবোধ এবং শ্রদ্ধা প্রকাশের এটিই ভালো পন্থা বলে তিনি মনে করেন।
ঘানা, ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরকালে বিশ্বব্যাংকের দরিদ্র মক্কেলদের চাহিদা ও প্রয়োজন নিয়ে আলোচনা করার কথা রয়েছে জেলিকের। ইউরোপে তিনি বৈঠক করবেন বিশ্বব্যাংকের বৃহত্তম দাতাদের সঙ্গে। আর উদীয়মান অর্থনৈতিক শক্তির দেশ হিসাবে মেক্সিকো এবং ব্রাজিল সফরে যাবেন জেলিক।
তিনি এই সফরকে 'শোনা এবং শেখার' সফর বলে উল্লেখ করেন। তার কাজ কি হবে এনিয়ে জেলিক ইতোমধ্যেই অনেকের সঙ্গে কথা বলেছেন বলে জানান। জেলিক জানান, এ নিয়ে মার্কিন আইনপ্রণেতারাসহ ব্যাংকের সাবেক কয়েকজন কর্মকর্তা এবং ব্যাংকের ২৪ টি সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গে তার কথা হয়েছে।
জেলিক বলেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর কাছে পৌঁছতে চান এবং তাদের অগ্রাধিকারের বিষয়গুলো জানতে চান। জানতে চান তাদের উন্নয়ন কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা, বিশ্বব্যাংকে নিয়ে তাদের জিজ্ঞাস্য বিষয়গুলো। সেইসঙ্গে তার প্রতি তাদের সমর্থনও আশা করেন জেলিক।
উল্লেখ্য, বিশ্ব বাণিজ্য আলোচনায় ভূমিকার জন্য জেলিক প্রশংসণীয়। সেইসঙ্গে দারফুরে মানবিক সঙ্কট এবং চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জেলিক ওয়াশিংটনের প্রিয়পাত্র। পল উলফোভিৎসের উত্তরসূরী হিসাবে এ পর্যন্ত জেলিকই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে একমাত্র প্রার্থী।
১৫ জুনের মধ্যে এ পদে অন্যদের মনোনয়নের সুযোগ থাকলেও এবং এ পদে লোক বাছাই প্রক্রিয়ায় অ-মার্কিনীদের অন্তর্ভূক্ত করার জন্য উন্নয়নশীল দেশগুলোর চাপ থাকলেও জেলিক তেমন কোনো প্রতিযোগিতায় পড়বেন না বলেই মনে করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৯ঘ.
bdnews24