আঙ্কারা, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের উত্তরে তুরস্ক সীমান্তে কুর্দি বিদ্রোহীদের ওপর হামলা করতে হলে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এর্দোগান। বুধবার বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের অভিযান চালানোর অভিযোগ ওঠার পর তিনি এ বক্তব্য দিলেন।
বুধবার দেশটির সেনাবাহিনী উত্তর ইরাকে ঢুকে বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায় বলে অভিযোগ ওঠে। তবে তুরস্কের সেনাবাহিনী ও পররাষ্ট্র দপ্তর উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছে।
রাষ্ট্রনিয়ন্ত্রিত আনাতোলিয়া এর্দোগানকে উদ্ধৃত করে বুধবার গভীর রাতে জানায়, "আন্তঃসীমান্ত অভিযান পরিচালনার জন্য পার্লামেন্টের সিদ্ধান্ত লাগবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
তবে তিনি বলেন, সে ধরনের কোনো সিদ্ধান্ত হলে তা জনসম্মুখে প্রকাশ করা হবে না।
আগামী জুলাইতে নির্বাচনের আগে তুরস্কের পার্লামেন্ট আপাতত মুলতবি রয়েছে। ইরাকে সেনা অভিযান চালাতে হলে পার্লামেন্টের অধিবেশন আবারও আহ্বান করতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্র ইরাকে অভিযান চালানোর ব্যাপারে তুরস্ককে সতর্ক করেছে। ইরাকের উত্তরে ওই অঞ্চলটি দেশটির সবচেয়ে স্থিতিশীল অংশগুলোর একটি হিসেবে পরিচিত।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৫৫৭ ঘ.
bdnews24