সানফ্রান্সিসকো, জুন ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভোটাররা যেন ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার প্রশ্নে ভোট দিতে পারেন সেজন্য একটি বিলে সমর্থন দিচ্ছেন অঙ্গরাজ্যটির আইনপ্রণেতারা। সেখানকার ডেমোক্রেট নেতৃত্বাধীন অ্যাসেমব্লির আইনপ্রণেতারা বুধবার এ পদক্ষেপ নেন।
দীর্ঘদিন পর ক্যালিফোর্নিয়া দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নির্ধারণের ব্যাপারে পদক্ষেপ নিল। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ভোটারের বাস এ অঙ্গরাজ্যে।
ডেমোক্রেট নেতৃত্বাধীন সিনেট কয়েকদিন আগে একটি বিল অনুমোদন করে যাতে প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে 'ইরাকে মার্কিন আগ্রাসনের সমাপ্তি এবং শিগগিরই মার্কিন সেনাদের নিরাপদে ও ধারাবাহিকভাবে প্রত্যাহারের' দাবি জানানো হয়।
এই বিলটি বুশ ও মার্কিন কংগ্রেসের 'ইরাক ও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় যথাযথ কূটনৈতিক ও অসামরিক সহযোগিতা প্রদানেরও' আহ্বান জানানো হয়েছে।
এ বিলটি অনুমোদনের জন্য অ্যাসেমব্লিতে সংখ্যাগরিষ্ঠ ভোট ও রিপারলিকান গভর্নর আরনল্ড শোয়ার্জনেগারের স্বাক্ষরের প্রয়োজন হবে।
তবে শোয়ার্জনেগারের মুখপাত্র আরন ম্যাকলেয়ার বলেছেন, বিলটির ব্যাপারে গভর্নর এখনও তার অবস্থান জানাননি।
তিনি আরও জানিয়েছেন, শোয়ার্জনেগার ইরাক থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা সমর্থন করেন, আবার একইসঙ্গে তিনি বিশ্বাস করেন মার্কিন সেনাবাহিনীর বিজয়ী হওয়া উচিত।
বিলটির লেখক অ্যাসেমব্লিম্যান জোয়েল অ্যান্ডারসন বলেছেন, "ক্যালিফোর্নিয়ার করদাতাদের এমন কোনো দেশের জন্য অর্থ দেওয়া উচিত নয়, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ যোগায়।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১৫০৯ ঘ.
bdnews24