নির্বিঘ্নে পাকিস্তান সঙ্কটের অবসান চায় যুক্তরাষ্ট্র
প্রধান বিচারপতিকে বরখাস্ত করা নিয়ে পাকিস্তানে চলমান রাজনৈতিক সঙ্কটের সমাধান নির্বিঘ্নে হোক যুক্তরাষ্ট্র সেটিই চায়। সবাই মেনে নেবে আদালতের এমন একটি রায়ের মধ্য দিয়েই সঙ্কট নিরসন চায় তারা। উর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা একথা জানিয়েছেন।
দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার পাকিস্তানের ‘ডন নিউজ টেলিভিশন’ এর সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, “যুক্তরাষ্ট্র পাকিস্তান পরিস্থিতি কাছ থেকে পর্যবেক্ষণ করছে। আমরা চাই, বিচারবিভাগীয় ব্যাপার আদালতে শুনানির মধ্য দিয়ে বিচারকদের সিদ্ধান্ত অনুযায়ী (যে সিদ্ধান্ত সবার কাছে গ্রহণযোগ্য হয়) নির্বিঘ্নে এবং পরিস্কারভাবে নিষ্পত্তি হওয়া উচিত।”
ওয়াশিংটনে বাউচার আরও বলেন, “ আমরা সহিংসতা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে দিতে চাই না এবং তা প্রত্যেক্যের জন্য বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াক তাও চাই না। ”
পাকিস্তানে বেপরোয়া রাজনৈতিক বিক্ষোভ দমনের পদক্ষেপ পাক-মার্কিন স্বার্থে হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে কয়েকজন মার্কিন আইনপ্রণেতা মঙ্গলবার উদ্বেগ প্রকাশ করার পর বাউচার একথা বললেন। কিন্তু আইনপ্রণেতাদের ওই উদ্বেগের পরও যুক্তরাষ্ট্র পাকিস্তান নীতি পরিবর্তন করবে না বলেই মনে করা হচ্ছে।
বাউচার বলেছেন, “আমরা প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে ভালোভাবেই কাজ করে যাচ্ছি। এজন্য আমরা ক্ষমাপ্রার্থী নই।” তিনি আরও বলেন, “আমরা একটি গণতান্ত্রিক পাকিস্তান দেখতে চাই। দেখতে চাই অর্তনৈতিক প্রবৃদ্ধি ও নির্বাচন অনুষ্ঠানের সঠিক পথে দেশটির এগিয়ে যাওয়া।”
এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিজা রাইস, ডেমোক্রেট সিনেটর জোসেফ বিদেন, টম ল্যান্টোস এবং রিপাবলিকান প্রতিনিধি লিয়েনা রোস লেথিনেন পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তাদের মন্তব্যে মুশাররফ রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সংঘর্ষের বিষয়টি যেভাবে সামাল দেওয়ার চেষ্টা করছেন তাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের ক্রমবর্ধমান অস্বস্তির বহিঃপ্রকাশ ঘটেছে। একইসঙ্গে এতে পাকিস্তানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অনিশ্চয়তাও স্পষ্ট হয়ে উঠেছে।
পাকিস্তানের বিরোধীদলীয় কর্মকর্তারা মঙ্গলবার জানান, কর্তৃপক্ষ এ সপ্তায় সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বিরোধীদলের শ’শ’ কর্মী আটক করেছে। উল্লেখ্য, গত মার্চে প্রধান বিচারপতি ইফতেখার চৌধুরিকে বরখাস্তের পর থেকেই পাকিস্তানে বিক্ষোভ-আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থেই কর্মীদের আটক করা হচ্ছে বলে যুক্তি দেখাচ্ছে সরকার।
কিন্তু বিরোধীদল বলছে, কর্তৃপক্ষ বিরোধীদের ওপর বড় ধরনের দমনাভিযান শুরু করেছে। কেবল মাত্র লাহোরেই আটক হয়েছে ২০০রও বেশি কর্মী সমর্থক। একথা জানান, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি পিপিপি’র প্রাদেশিক নেতা শাহ মেহমুদ কুরায়েশী।
তিনি বলেন, “এখন স্বৈরতন্ত্রের আসল চোহারা বেরিয়ে এসেছে। কিন্তু আমরা ভেঙে পড়ব না লড়াই চালিয়ে যাব।” একের পর এক কর্মী আটক হলেও লড়াই না থামানোর অঙ্গীকার করেন তিনি।
এই বেপরোয়া বিক্ষোভ দমনাভিযানের ব্যাপারে মুশাররফকে সতর্ক করে দিতে মার্কিন আইনপ্রণেতারা রাইসের কাছে চিঠি পাঠান। রয়টার্স মঙ্গলবার তা হাতে পায়।
চিঠিতে লেখা হয়েছে, “ গত দু মাস ধরে আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হতে দেখছি এবং কঠোরভাবে তা দমন করতে দেখছি। কিন্তু যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের জাতীয় স্বার্থের খাতিরেই সেখানে অবিলম্বে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠা হওয়া দরকার। সেইসঙ্গে কর্তৃপক্ষের সহিংস হুমকি-ধামকি এবং বিক্ষোভের শান্তিপূর্ণ অবসান হওয়াটা জরুরি।”
পাকিস্তানে এই অরাজকতা বন্ধে রাইসেরই প্রকাশ্যে আবেদন জানানো উচিত বলে আইনপ্রণেতারা উল্লেখ করেন। তারা অভিযোগ করে এও বলেন যে, পাক সরকার বিক্ষাভকারীদের শুধু গ্রেফতারই করছে না , তাদেরকে বন্দি করে রাখাসহ মারধোরও করছে। শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারী আইনজীবীরাই এর শিকার হচ্ছেন বেশি।
আইনপ্রণেতারা আরও লেখেন, “এ অবস্থা অবিলম্বে অবসানের জন্য রাইসের প্রকাশ্য আহ্বান জানানো উচিত। সেইসঙ্গে তার উচিত এ বছরের শেষ নাগাদ পাকিস্তানকে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্র“তি দিতে বলা।”
