নিউইয়র্ক জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)---- শ্রীলঙ্কার তামিল টাইগারদের মার্কিন শাখার প্রধান সন্দেহে আটক করুণাকরন কান্দাস্বামী এবং অন্য চারজন সোমবার আদালতে বিদেশি সন্ত্রাসী সংগঠনগুলোকে সাহায্য দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। করুণাকরণের বিরুদ্ধে তামিল টাইগারদের মার্কিন শাখার নেতৃত্ব দেওয়ার অভিযোগসহ দলের কর্মীদের হাজার হাজার ডলার সরবরাহের অভিযোগ রয়েছে।
২৫ এপ্রিলে গ্রেফতার হওয়ার পর কারান্তরীন করুণাকরন দোষী প্রমাণিত হলে তার ১৫ বছরের জেল হতে পারে। ফেডারেল কৌসুলিরা একথা জানিয়েছেন। তার সঙ্গে গ্রেফতার হওয়া অন্যান্যদের বিরুদ্ধে তুলনামূলক কম গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। যেমন: বিদেশি সন্ত্রাসী সংগঠনকে বিভিন্ন সরঞ্জাম সরবরাহের ষড়যন্ত্র করা এবং সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া। আইনজীবীরা একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র তামিল টাইগারদের সন্ত্রাসী সংগঠন হিসাবেই দেখে থাকে। 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' (এলটিটিই) নামে পরিচিত তামিল টাইগাররা শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে একটি স্বাধীন তামিল রাষ্ট্রের দাবিতে লড়াই চালিয়ে আসছে। ১৯৮৩ সাল থেকে এ পর্যন্ত লড়াইয়ে প্রাণ হারিয়েছে ৬৮ হাজার লোক। এর মধ্যে গত ১৬ মাসেই নিহতের সংখ্যা ৪ হাজার।
কৌসুলিরা জানান, তামিল টাইগাররা তহবিল বাড়ানোর জন্য সহমর্মী প্রবাসীদের ওপর নির্ভর করে। তাদের কাছ থেকেই টাইগাররা অস্ত্রের যোগান পায় এবং প্রচারাভিযান জোরদার করে। এ ধরনের কাজের সমন্বয়ের জন্য টাইগাররা কমপক্ষে ১২ টি দেশে তাদের শাখা খুলেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৪ঘ.
bdnews24