ওয়াশিংটন, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক পরিস্থিতি নিয়ে ক্রমেই বিরক্ত হয়ে উঠছেন মার্কিনিরা। শুধু তাই নয়, তারা বিরক্ত ডেমোক্রেটদের ওপরও। কারণ, কংগ্রেস নিয়ন্ত্রণকারী ডেমোক্রেটদের তারা ভোট দিয়েছিলেন ইরাক যুদ্ধ বন্ধের আশা নিয়েই। মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট ও টিভি চ্যানেল এবিসি নিউজের এক যৌথ জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত ওই জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ৩৯ শতাংশ কংগ্রেসের কাজে সমর্থন দিচ্ছেন। গত এপ্রিল মাসেও এ হার ছিল ৪৪ শতাংশ। এছাড়া, ডেমোক্রেটদের প্রতি সমর্থন কমে এসেছে ৫৪ থেকে ৪৪ শতাংশে।
কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা শক্তভাবে ইরাক যুদ্ধের বিরোধিতা করতে না পারার কারণে যুদ্ধবিরোধী, স্বতন্ত্র ও উদারপন্থী গণতান্ত্রিকরা তাদের প্রতি আস্থা হারিয়েছেন।
গত এপ্রিলে প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, ইরাক পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জর্জ বুশের চেয়ে ডেমোক্রেটদের বেশি বিশ্বাস করতেন মার্কিনিরা। তখন বুশ ও ডেমোক্রেটদের প্রতি সমর্থনের ব্যবধান ছিল ২৫ শতাংশ। আর এখন তা কমে এসেছে ১৬ শতাংশে।
অথচ বুশের প্রতি সমর্থন এবারও গত এপ্রিলের মতো সেই ৩৫ শতাংশই রয়ে গেছে।
সাধারণ মার্কিনিরা এখন ইরাক পরিস্থিতির চেয়ে বুশ ও ডেমোক্রেট, গ্যাসোলিনের উচ্চমূল্য নিয়ে বেশি উদ্বিগ্ন।
মার্কিনিদের ৭৩ শতাংশ মনে করেন, ইরাক প্রশ্নে দেশ ভুল পথে চলছে। অন্যদিকে ৬১ শতাংশ বলছেন, ইরাক যুদ্ধ খামোখাই চালিয়ে যাওয়া হচ্ছে। প্রায় দুই - তৃতীয়াংশ মনে করেন, ইরাকে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র যথেষ্ট অগ্রগতি অর্জন করতে পারেনি।
ইরাকে সেনা কমিয়ে আনা উচিৎ- এমনটা মনে করেন ৫৫ শতাংশ উত্তরদাতা। এ হার অবশ্য অন্যান্যবারের চেয়ে বেশি। তবে এদের মধ্যে মাত্র ১৫ শতাংশ ইরাক থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারের পক্ষে।
২৯ মে থেকে ১ জুন পর্যন্ত টেলিফোনে এক হাজার ২০৫ জনের মতামত গ্রহণের ভিত্তিতে ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআরএস/১৩৫৭ ঘ.
bdnews24