গুয়ান্তানামো বে মার্কিন নৌঘাঁটি, কিউবা, জুন ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইয়েমেনের এক নাগরিককে সোমবার অভিযোগ থেকে মুক্তি দিয়েছে গুয়ান্তানামো মার্কিন নৌঘাঁটির যুদ্ধাপরাধ সংক্রান্ত সামরিক আদালতের একজন বিচারক। সেলিম আহমেদ হামদান নামে ওই ব্যক্তি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের গাড়িচালক ছিলেন বলে অভিযোগ ছিল।
ওই বিচারক সোমবার বলেন, যুক্তরাষ্ট্রে ২০০৬ সালে প্রণীত সন্দেভাজন বিদেশি সন্ত্রাসীদের বিচার সংক্রান্ত আইন অনুযায়ী বন্দির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করার ক্ষমতা তার নেই। ওই আইনের আওতায় সেলিম আহমেদ হামদানের বিচার চলছিল।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এটা হামদানের দ্বিতীয় আইনী বিজয়। গত বছর তিনি গুয়ান্তানামোর তৎকালীন বিচার ব্যবস্থার বৈধতা নিয়ে মার্কিন সুপ্রিমকোর্টে আপিল করে জিতেছিলেন। তার ওই আপিলের কারণে গুয়ান্তানামোয় প্রচলিত প্রথম বিচার ব্যবস্থা বাতিল করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১৩০৯ ঘ.
bdnews24