২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল ক্লিনটনকে চাকরি দিতে চান ডেমোক্রেটরা

ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থীরা অনেক ইসু নিয়ে তর্কাতর্কি করলেও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে চাকরি দিতে সবাই একমত। নির্বাচিত হলে ক্লিনটনকে চাকরি দিতে রাজি থাকার কথা জানিয়েছেন প্রত্যেকেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 10:03 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ম্যানচেস্টার, নিউ হ্যাম্পসায়ার, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্রেট প্রেসিডেন্ট পদপ্রার্থীরা অনেক ইসু নিয়ে তর্কাতর্কি করলেও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে চাকরি দিতে সবাই একমত। নির্বাচিত হলে ক্লিনটনকে চাকরি দিতে রাজি থাকার কথা জানিয়েছেন প্রত্যেকেই। ক্লিনটন প্রেসিডেন্সি থেকে বিদায় নেওয়ার ছয় বছরের বেশি সময় পরও তার নামে জনপ্রিয়তার প্রতিফলন স্পষ্ট। তার জন্য কিছু করতে চাওয়ার এটিই হচ্ছে প্রকৃত কারণ। ক্লিনটন আমলের জ্বালানী মন্ত্রী, মার্কিন রাষ্ট্রদূত এবং বর্তমানে নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন বলেছেন, তিনি ক্লিনটনকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান এবং মধ্যপ্রাচ্য শান্তি আলোচক হিসাবে তিনি ভালো করবেন বলেই মনে করেন। সেন্ট আনসেম কলেজে এক বিতর্ক অনুষ্ঠানে রিচার্ডসন বলেন, "মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় তাকে প্রয়োজন বলে আমি মনে করি।" আলাস্কার সাবেক সিনেটর মাইক গ্রাভেল বলেন, তিনি ক্লিনটনকে ভ্রাম্যমান একজন রাষ্ট্রদূত হিসাবেই দেখতে চান। যিনি গোটা বিশ্ব চষে বেড়াবেন। আর সঙ্গে থাকবেন তার স্ত্রী নিউইয়র্ক সিনেটর হিলারি রডহাম ক্লিনটনও। ইলিনোইস সিনেটর বারাক ওবামা মনে মনে ক্লিনটনেরর জন্য নির্দিষ্ট কোনো চাকরি স্থির করতে না পারলেও বলেছেন, বিশ্বজুড়ে ক্লিনটনের সম্পর্ক এবং মিত্রতা স্থাপনের যে ক্ষমতা আছে তা খুবই প্রয়োজন। এদিকে, ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন বলেন, নির্বাচিত হলে তিনি তার প্রশাসনে কূটনৈতিক ভূমিকাই পালন করতে চান। হিলারি আরও বলেন, "আমি প্রেসিডেন্ট হলে আমার প্রিয় স্বামী তাদেরই একজন হবেন যাকে রাষ্ট্রদূত হিসাবে গোটা বিশ্ব সফর করতে পাঠানো হবে। এর মধ্য দিয়ে বিশ্ববাসীকে এটাই বুঝিয়ে দেওয়ার হবে যে আমরা বন্ধুত্ব এবং সম্পর্ক গড়ার নীতি নিয়ে ফিরে এসেছি। দূর করতে এসেছি বিচ্ছন্নতা।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম /জেডি/এলকিউ/১৫৫৪ঘ.