মানাগুয়া, নিকারাগুয়া, জুন ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ সপ্তাহে মধ্যপ্রাচ্য ভ্রমণের সময় ইরান সফর করছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডানিয়েল ওর্তেগা। যুক্তরাষ্ট্রের শত্র" দেশ ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ার কারণে ওয়াশিংটনের রোষে পড়েছেন তিনি।
ওর্তেগা রোববার ইরান, আলজেরিয়া ও লিবিয়ার উদ্দেশ্যে রওয়ানা হন।
এর আগে শনিবার রাতে নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল সান্তোস জানান, ওই দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে এ সফর করছেন ওর্তেগা।
শীতল যুদ্ধকালীন ওয়াশিংটনের শত্র" ওর্তেগা ভেনিজুয়েলার মার্কিনবিরোধী প্রেসিডেন্ট হুগো শাভেজের মিত্র। এ বছরের প্রথম দিকে আবারও নিকারাগুয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং সেদেশের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে মানাগুয়ায় অভ্যর্থনা জানান তিনি।
সাবেক মার্ক্সবাদী গেরিলা ওর্তেগা ১৯৮০ সালে তার সরকার ক্ষমতায় থাকার সময় মার্কিনসমর্থিত কন্ট্রা বিদ্রোহীদের দমন করেন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়া প্রশ্নে ওর্তেগা বলেন, ওয়াশিংটন তাকে মার্কিনবিরোধী নেতাদের সঙ্গে জোট গঠন করা থেকে বিরত রাখতে পারবে না। কিন্তু একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্র থেকে আরও আর্থিক সহায়তার আশ্বাস চান।
পররাষ্ট্রমন্ত্রী সান্তোস অবশ্য ইরান সফরের কারণে যুক্তরাষ্ট্র - নিকারাগুয়ার পারস্পরিক সম্পর্কের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ইরানের পরমাণু কার্যক্রম ও মার্কিন নাগরিকদের আটকের মতো বিষয়গুলোর কারণে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমস্যা চলছে।
তিনি বলেছেন, "আমরা সমর্থন করি না এমন কোনো বন্ধু ওয়াশিংটনের থাকলেও আমরা এর বিরোধিতা করছি না, এবং তারা জানে আমাদেরও এমন অনেক বন্ধু আছে যাদের তারা পছন্দ করে না।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১২৪০ ঘ.
bdnews24