সিঙ্গাপুর, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের ওপর সামরিক বলপ্রয়োগ না করতে তুরস্ককে আহ্বান জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস। সিঙ্গাপুরে এশীয় নিরাপত্তা সম্মেলনে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন,"ওই অঞ্চলের সমস্যা এবং তুরস্কের নিরাপত্তা নিয়ে আমরা কাজ চালিয়ে যেতে চাই এবং আমরা আশা করছি যে ইরাক সীমান্তে কোনো একক সামরিক পদক্ষেপ নেওয়া হবে না।"
দক্ষিণপূর্ব সীমান্ত অঞ্চলে তুরস্কের সেনা মোতায়েনের কারণে ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে তুর্কিদের সামরিক পদক্ষেপের আশঙ্কার পরিপ্রেক্ষিতে গেটস একথা বলেন।
গেটস বলেন,"কুর্দি সন্ত্রাসবাদ নিয়ে তুরস্কের সত্যিকারের সমস্যা রয়েছে।" তিনি বলেন," তুরস্কের অভ্যন্তরে এ সমস্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আমরা তুর্কিদের সঙ্গে কাজ করছি।"
কুর্দিদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা না নেওয়ার জন্য মার্কিন দৃষ্টিভঙ্গির বিষয়টি আঙ্কারাকে জানানো হয়েছে এবং বিষয়টি নিয়ে তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।
তিনি জানান, "তুরস্কে মার্কিন দূত জেনারেল রালস্টন বিষয়টি নিয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।"
তুরস্কে কুর্দিদের সমস্যা নিয়ে কাজ করতে মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল জোসেফ রালস্টন আঙ্কারায় ওয়াশিংটনের বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।
গত সপ্তাহে আঙ্কারায় বোমা বিস্ফোরণে ১২ জন নিহতের ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির্কে (আরকেকে) অভিযুক্ত করে তুরস্ক। এর পরপরই কুর্দিস্তান সীমান্তে সেনা মোতায়েন আরও জোরদার করা হয় এবং সীমান্তে ট্যাংক বহর মোতায়েন করা হয়।
ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকিও গত সপ্তাহে তুরস্ককে সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১০ ঘ.
bdnews24