বাগদাদ, জুন ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের পশ্চিমে সুন্নী অধ্যুষিত ফালুজা শহরে শুক্রবার একটি ট্যাঙ্কের গোলার আঘাতে তিন ইরাকি শিশু নিহত হওয়ার খবর স্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, জঙ্গিরা রাস্তার পাশে বোমা পাতার সময় একটি মার্কিন ট্যাঙ্ক তাদের লক্ষ্য করে গোলা ছুড়লে এ শিশুরা নিহত হয়।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে এতে আরও জানানো হয়, নিহত তিন শিশুর বয়স ৭, ৯ ও ১১ বছর। ঘটনার সময় রাস্তার পাশে বোমা পেতে রাখতে আসা এক জঙ্গি আহত এবং তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়।
বিবৃতিতে বলা হয়েছে, "ফালুজার বাইরের দিকে তিনজন জঙ্গি স্থানীয়ভাবে নির্মিত শক্তিশালী বিস্ফোরক (আইইডি) পাতার সময় যৌথবাহিনীর ট্যাঙ্ক থেকে তাদের ওপর গোলাবর্ষণ করা হলে তিন শিশু নিহত এবং একজন জঙ্গি আহত হয়।"
অসামরিক লোকজনের নিহত হওয়ার ব্যাপারটি মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী সচারচর তাদের কোনো বিবৃতিতে স্বীকার করে না। কিন্তু এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে ইরাকিরা দাবি করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেডি/এসআরএস/১৪৩৫ ঘ.
bdnews24