২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি নিয়ে চলমান অচলবস্থা নিরসনে এ সপ্তাহেই ভারত যাচ্ছেন বার্নস

ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষর নিয়ে চলমান অচলবস্থা নিরসনে শীর্ষ মার্কিন কর্মকর্তা নিকোলাস বার্নস এ সপ্তাহেই নয়াদিল্লি সফর করবেন। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সোমবার একথা জানান।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 May 2007, 04:53 PM

Updated : 26 Apr 2022, 02:23 PM

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ওই চুক্তি সংক্রান্ত মতপার্থক্য নিরসনে মূল মার্কিন মধ্যস্থতাকারী ও দেশটির উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস বার্নস আগামী ৩১ মে ও ১ জুন ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে নয়াদিল্লি আসছেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্যের কারণে ঐতিহাসিক ওই চুক্তিটি স্বাক্ষর অনিশ্চিত হয়ে পড়েছে।

চুক্তিটি নিয়ে বিতর্কের সূচনা হয় যখন দুই দেশের সমালোচকরা অভিযোগ করেন যে দুদেশের সরকার একে অন্যকে বেশি ছাড় দিচ্ছে।

তবে ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারা বলছেন, দুই দেশের রাজনৈতিক নেতৃত্ব চুক্তিটি স্বাক্ষরের ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ এবং এ সংক্রান্ত সব ধরনের মতপার্থক্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন।

গত সপ্তাহে বার্নস বলেছিলেন, ভারত-যুক্তরাষ্ট্র পরমাণু সহযোগিতা চুক্তিতে কিছু মতপার্থক্য রয়ে গেছে এবং চুক্তিটি স্বাক্ষরে উভয়কে অবশ্যই ছাড় দিতে হবে ।

চুক্তিটি স্বাক্ষরিত হলে গত ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের পরমাণু জ্বালানি ও চুল্লি ব্যবহারের সুযোগ পাবে ভারত। ভারত অবশ্য এরই মধ্যে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এছাড়া দেশটি কখনই পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তিতে স্বাক্ষর করেনি।

যুক্তরাষ্ট্র ওই চুক্তিটিকে দেখছে আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ২১ শতকের বড় ধরনের অর্জন হিসেবে। কিন্তু ২০০৫ সালে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে টানাপড়েন চলছে।

চুক্তিটি নিয়ে উভয় পক্ষের মধ্যকার সুনির্দিষ্ট মতপার্থক্য সম্পর্কে জানা না গেলেও সাধারণভাবে মূল বাধা হিসেবে কাজ করছে মার্কিন কংগ্রেসের একটি দাবি যাতে বলা হচ্ছে, ভারত ১৯৯৮ সালের মতো আরেকবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে এ চুক্তি বাতিল হবে।

আরেকটি বাধা হলো, মার্কিন যন্ত্রপাতি ব্যবহার করে ভারতের উৎপাদিত ও ব্যবহৃত জ্বালানি পুনর্ব্যবহারের অনুমতি দিতে এবং নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের অসম্মতি জ্ঞাপন।