ইউক্রেনে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী সমঝোতা, আগাম নির্বাচনের ঘোষণা
ইউক্রেনে রাজনৈতিক অচলবস্থার অবসান ঘটাতে প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কো ও প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচের মধ্যে সমঝোতার পর রোববার আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট। রাজপথে দলীয় কর্মী-সমর্থকদের মুখোমুখি অবস্থানের কারণে আসন্ন সংঘাত এড়াতে শনিবার মধ্যরাতে দুনেতা বৈঠকে বসেন। সমঝোতা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন ইউশেঙ্কো। পার্লামেন্টে এ সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২০০৪ সালে ‘অরেঞ্জ রেভল্যুশন’ এর পর উত্তাল অভ্যুত্থানে সৃষ্ট জটিল রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে ইউক্রেনের ক্ষমতায় আসেন পশ্চিমপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইউশেঙ্কো। কিন্তু সরকার গঠনের শুরু থেকেই তার সঙ্গে ক্ষমতার দ্বন্দ্ব আর মতপার্থক্য বাড়তে থাকে রুশপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর ইয়ানুকোভিচের।
এ বছরের এপ্রিলে ইয়ানুকোভিচকে সংবিধান পরিবর্তনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযুক্ত করে এক ডিক্রির মাধ্যমে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট ইউশেঙ্কা। এরপরই তীব্র আকার ধারণ করে দেশটির রাজনৈতিক সংকট।
গত শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেনাদের ওপর প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণায় চূড়ান্ত আকার ধারণ করে ইউক্রেনের রাজনৈতিক সংকট। এ পদক্ষেপকে অসাংবিধানিক এবং মারাত্মক হুমকি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ইয়ানুকোভিচ। রাজপথে দুপক্ষের সমর্থকদের উত্তেজনা বাড়তে থাকায় পার্লামেন্টের স্পিকারসহ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের এ বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।
প্রায় রাতভর সমঝোতা বৈঠক শেষ করে রোববার সকালে প্রেসিডেন্ট ইউশেঙ্কো বলেন, “ রাজনৈতিক সংকট দূর করতে আগামী ৩০ সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি চুক্তিতে এসেছি আমরা।”
প্রেসিডেন্ট বলেন, “ এ সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে ইউক্রেন। এপ্রিল মাসের আগের চেয়ে এখন অনেক অগ্রসর আমরা। এ উত্তরণের মধ্য দিয়ে ইউক্রেন গণতন্ত্র উন্নয়নের প্রমাণ রেখেছে।”
এদিকে, প্রধানমন্ত্রী ইয়ানুকোভিচও একইরকম মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এ সংকট থেকে যে অভিজ্ঞতা অর্জিত হয়েছে তা এটাই প্রমাণ করে যে, আমরা কিছু শিখেছি।”
তিনি বলেন, এ চুক্তি থেকে বোঝা যাচ্ছে যে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সব পক্ষেরই সদিচ্ছা আছে।
