২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শন আশঙ্কাজনক’

ইরানের দোরগোড়ায় যুক্তরাষ্ট্রের নৌবহরের শক্তি প্রদর্শন ওই অঞ্চলের জন্য ‘খুবই আশঙ্কাজনক’ বলে মন্তব্য করেছে আফগানিস্তানে একটি সরকারনিয়ন্ত্রিত সংবাদপত্র। শনিবার পত্রিকাটি জানায়, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2007, 08:28 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

যুক্তরাষ্ট্রের একটি বড় নৌবহর বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করে। এই শক্তি প্রদর্শনের মাধ্যমে পরমাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর চাপ প্রয়োগের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

এদিকে আফগান কর্মকর্তারা ব্যক্তিগতভাবে জানিয়েছেন, ইরানে হামলা হলে আফগানিস্তানের অবস্থাও অস্থিতিশীল হয়ে উঠবে। বর্তমানে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী তালেবান জঙ্গিদের সঙ্গে যুদ্ধ করছে।

ইংরেজি ভাষায় প্রকাশিত সরকারি সংবাদপত্র কাবুল টাইমস জানায়, ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করা উচিৎ এবং এ ব্যাপারে তাদের একগুয়ে মনোভাব থাকা উচিৎ নয়।

সংবাদপত্রটির একটি সম্পাদকীয়তে বলা হয়, “ইরানে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হামলা পুরো অঞ্চলের জন্য আশঙ্কাজনক একটি খবর। এর ফলে গোটা অঞ্চলে রক্তের বন্যা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।”

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি সম্প্রতি উপসাগরীয় অঞ্চল সফরের সময় জানান, ইরানের আণবিক বোমা তৈরি এবং এ অঞ্চলকে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করতে ওয়াশিংটন বাকিদের পাশে দাঁড়াবে। তার এই ঘোষণার দুই সপ্তাহের কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র পারস্য উপসাগরে নৌবহর পাঠায়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের বিবাদে জড়ানো উচিৎ হবে না বলেও মন্তব্য করে কাবুল টাইমস।

পত্রিকাটি বলেছে, “কূটনৈতিক দিক থেকে চিন্তা করলে ইরানের উচিৎ আণবিক অস্ত্র তৈরির চেষ্টা বাদ দেওয়া। একটি পরাশক্তির বিরুদ্ধে অবস্থান করে এ ধরনের নীতি অবলম্বন ঠিক নয়।”

ইরান সবসময়ই বলে আসছে, তাদের পরমাণু কার্যক্রম শুধুমাত্র শান্তিপূর্ণ জ্বালানি তৈরির কাজে ব্যবহার করা হবে এবং এজন্য তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। এ ব্যাপারে বাধা পেলে শত্র“কে সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানিয়েছে ইরান।