২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বসরায় সদরের মেহদি আর্মি নেতা নিহত

ইরাকের মার্কিন বিরোধী শিয়া নেতা মুকতাদা আল সদরের দল মেহদি আর্মির নেতা শুক্রবার দক্ষিণাঞ্চলীয় নগরী বসরায় ইরাকি বিশেষ বাহিনীর হাতে নিহত হয়েছেন। গ্রেফতার এড়াতে গিয়ে তিনি নিহত হন। ব্রিটিশ সেনাবাহিনী একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

ব্রিটিশ বাহিনী এক বিবৃতিতে বলেছে, “বসরার কেন্দ্রস্থলে ইরাকি বাহিনী মেহদি আর্মির ওই নেতার গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়ে তাকে হত্যা করতে সফল হয়েছে।” ব্রিটিশ বাহিনীর মুখপাত্র মেজর ডেভিড জেল বলেন, “মেহদি আর্মি নেতা আবু কাদেরসহ তার অন্ততপক্ষে একজন সহকর্মীকে গুলি করা হয়েছে। সদরের কার্যালয় থেকে বেরোনোর পর তাদের গুলি করা হয়।”

সদর জনসম্মুখে ভাষণ দেওয়ার দিনই এই হত্যার ঘটনা ঘটল। এর পরিপ্রেক্ষিতে ইরাকে নতুন করে যে কোনো সহিংসতা মোকাবিলার জন্য ব্রিটিশ বাহিনী প্রস্তুত বলে জানান জেল। তবে সদরের রাজনৈতিক দলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “এ হত্যার ঘটনার প্রতিক্রিয়া রাজনৈতিক প্রতিরোধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।”

জেল আবু কাদেরকে বসরার মেহদি আর্মি নেতা হিসাবে পরিচয় দিয়ে বলেন, “রাস্তার ধারে বোমা পাতা, অস্ত্র চোরাচালান, হত্যাকান্ড এবং ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে হামলা পরিকল্পনার হোতা হিসাবে তাকেই সন্দেহ করা হতো।”

জেল আরও জানান, “ইরাকি বাহিনী ব্রিটিশ বাহিনীর সহায়তায় কাদের হত্যা অভিযান পরিচালনা করেছে। গ্রেফতার অভিযানের সময়ই কাদের মারা যান। গ্রেফতার এড়াতে গিয়ে তার মৃত্যু হয়।”

সদর মুভমেন্টের উর্ধ্বতন সদস্য কাদের হত্যাকান্ডের জন্য ব্রিটিশ বাহিনীকে দায়ী করেছেন। তিনি অভিযোগ করে বলেন, আবু কাদের শুক্রবারের জুমার নামাজ শেষে বাড়ী ফেরার পথে চোরাগোপ্তা হামলা চালিয়ে ব্রিটিশ বাহিনী তাকে হত্যা করে। তার সঙ্গে মেহদি আর্মির আরও দুজন সদস্যও ছিল।