২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বিক্ষিপ্ত হামলায় ৫ মার্কিন সেনা নিহত

ইরাকে চারটি পৃথক হামলার ঘটনায় বৃহষ্পতিবার ৫ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এদের বেশিরভাগই রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হন। মার্কিন সেনাবাহিনী শুক্রবার একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 04:08 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

মার্কিন সেনাবাহিনী জানায়, বাগদাদের পশ্চিমাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখায় বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার নিহত হয়েছেন দুজন মার্কিন সেনা। বাগদাদের ১১০ মাইল উত্তরে তিকরিতের নাইনভেহ্ প্রদেশে রাস্তার পাশে পেতে রাখা আরেকটি বোমা হামলায় অপর একজন মার্কিন সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুজন।

এর আগে মার্কিন বাহিনী দিয়ালা প্রদেশে ক্ষুদ্রাস্ত্রের আঘাতে এক সেনা নিহত হওয়ার কথা জানায়। অন্যদিকে, সালাহ আদ দিন প্রদেশে রাস্তার ধারে পেতে রাখা আরেকটি বোমা বিষ্ফোরণে আরেকজন সেনা নিহতের কথাও জানিয়েছে সেনাবাহিনী।

মার্কিন বাহিনী এর আগে মঙ্গলবারও বাগদাদের উত্তরে তিকরিতের কাছে রাস্তায় পাশে পেতে রাখা বোমায় আরেকজন সেনা নিহত হওয়ার কথা জানায়। তার আগের দিনগুলোতেও ইরাকের বিভিন্ন এলাকায় অন্ততপক্ষে ৯ মার্কিন সেনা নিহতের ঘটনা ঘটেছে।

সব মিলিয়ে মে মাসে ইরাক মার্কিন সেনাদের জন্য মৃত্যুপুরী হয়ে উঠেছে। এ পর্যন্ত ৯০ জনেও বেশি সেনা নিহত হয়েছে। এপ্রিল মাসেও মার্কিন সেনা নিহতের সংখ্যা ছিলো ১০৪। এ নিয়ে ২০০৩ সালে ইরাক আগ্রাসনের পর থেকে মার্কিন সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪০ জনে।

মার্কিন এক সেনাসূত্র বলছেন, বাগদাদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনমাস আগে অতিরিক্ত সেনা মোতায়েন করে সাঁড়াশি অভিযান হাতে নেওয়ার পর থেকেই এমন আঘাতের আশংকা করেছিলেন তারা।