ভারতের মসজিদে বোমা হামলার ঘটনায় একজন গ্রেপ্তার
ভারতের দক্ষিণাঞ্চলে ঐতিহ্যবাহী মক্কা মসজিদে গত সপ্তাহে বোমা হামলার ঘটনায় একজন মুসলমান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার পুলিশ জানিয়েছে। এ মামলায় সন্দেহভাজন হিসেবে এটিই প্রথম গ্রেপ্তারের ঘটনা। গত সপ্তাহের এ বোমা হামলায় ১১ জন নিহত হন।
গত শুক্রবার ভারতের দক্ষিণাঞ্চলীয় হায়দ্রাবাদ শহরে ১৭ শতাব্দী মক্কা মসজিদে জুম্মার নামাজের সময় ওই বোমা হামলা হয়। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে মহারাষ্ট্র প্রদেশের পশ্চিমের একটি ছোট্ট শহর থেকে আটক করা হয়।
মহারাষ্ট্রের সন্ত্রাসীবিরোধী সংস্থার প্রধান আর পি রঘুবংশী বলেন, “একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
তবে ওই ব্যক্তির বিরুদ্ধে গঠিত অভিযোগ সম্বদ্ধে বিস্তারিত কিছু জানাননি তিনি।
হামলার পরপরই অন্ধ্র প্রদেশের সাম্প্রদায়িকতা সংবেদনশীল শহরটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ কারণে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে পাঁচজন নিহত হয়।
গত এক বছরে ভারতের মসজিদে সংঘটিত হামলাগুলোর মধ্যে এটি তৃতীয় বড় হামলা। গত বছর মহারাষ্ট্রের একটি জনবহুল মসজিদে জুম্মার নামাজের সময় হামলা হলে ৩২ জনেরও বেশি নিহত হয়।
ভারতীয় গোয়েন্দা সংস্থা ও প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানি গোয়েন্দা বাহিনী আইএসআইয়ের মদদপুষ্ট ইসলামি জঙ্গি বাহিনীগুলো হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদ্রায়িক দাঙ্গা বাধাতে এই দুই ধর্মাবলম্বীদের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা চালাচ্ছে।
তবে ইসলামাবাদ এসব ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ভিত্তিহীন দাবি করে এ সংক্রান্ত কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে।
