২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হবেন থাকসিন

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাবাত্রা জাপানের একটি বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে বক্তৃতা দেবেন। জুলাইয়ের প্রথম দিকে তিনি ওই বক্তৃতা দেবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুক্রবার জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 07:01 AM

Updated : 26 Apr 2022, 02:22 PM

টোকিওর তাকুসোকু বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বলেছেন, সিনাবাত্রা ‘মানুষ ও শিল্প’ শীর্ষক ৯০ মিনিটের একটি ক্লাস নেবেন ৫ জুলাই। তবে এরপর তিনি আরও ক্লাস নেবেন কিনা সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সফল টেলিকম ব্যবসায়ী থাকসিন এশিয়ার বাণিজ্যিক মডেল নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছে জাপানের সংবাদমাধ্যমগুলো। অতিথি অধ্যাপক হিসেবে তার নিয়োগ নিয়ে থাকসিন ৭ জুন বিশ্ববিদ্যালয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন।

সাবেক এ থাই প্রধানমন্ত্রী গত বছর সেপ্টেম্বর মাসে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন। জানুয়ারি মাসে তিনি শেষবার জাপান সফর করেন।

এ বছরের শুরুর দিকে সিএনএন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণ হয়ে তিনি আর থাইল্যান্ডে ফিরতে চান না, তবে দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য দেশে ফেরার ইচ্ছে আছে তার।