২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করব না: সিনিওরা

লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা সন্ত্রাসের কাছে মাথা নত না করার অঙ্গীকার করেছেন। তিনি জঙ্গি নির্মূলে কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তার সঙ্গে সুর মিলিয়ে ক্ষমতাসীন কোয়ালিশনের নেতৃস্থানীয় সদস্য ওয়ালিদ জুমব্লাতও ইসলামি জঙ্গিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 09:05 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

দেশের উত্তরাঞ্চলে এ সপ্তাহে লেবানিজ সেনাবাহিনী এবং ইসলামি জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের প্রধানমন্ত্রী সিনিওরা টেলিভিশনে এক ভাষণে বলেন, “আমরা সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করব না। বরং সন্ত্রাস নির্মূলের জন্য কাজ করে যাব।”

এদিকে, জুমব্লাতও  নাহার আল বারেদ শরণার্থী শিবিরের ‘ফাতাহ আল ইসলাম’ সংগঠনকে উৎখাত করতে ফিলিস্তিনি দল ফাতাহ ও হামাসকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “হয় তারা ওই শিবির থেকে ফাতাহ আল ইসলামকে উৎখাত করবে, আর নয়ত লেবাননই সন্ত্রাস নির্মূলের পদক্ষেপ নেবে।”

অন্যদিকে, সিনিওরা আল-কায়েদা সংশ্লিষ্ট ‘ফাতাহ আল-ইসলাম’ সংগঠনের কথা উল্লেখ করে বলেন, “সেনাবাহিনী একটি সন্ত্রাসী সংগঠনের শিকার হয়েছে। এই সংগঠনের বিরুদ্ধেই দেশের উত্তরে লড়াই করেছে সেনারা।”

সংঘর্ষে নিহত হয়েছে ৩২ জন সেনা। অন্যদিকে জঙ্গি নিহত হয়েছে ২২ জন। নাহার আল বারেদ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে এই জঙ্গিদের আস্তানা আছে। শিবিরের অধিবাসীরা জানিয়েছে, সংঘর্ষে বহু বেসামরিক লোকও নিহত হয়েছে।

জঙ্গিরা অস্ত্রবিরতির প্রস্তাব দেওয়ার পর বৃহস্পতিবার সংঘর্ষ কমে আসে।  সাময়িক অস্ত্রবিরতিতে এখন ওই এলাকায় আপাতত শান্ত অবস্থা বিরাজ করছে।