হামাস মন্ত্রীসহ ৩৩ জনকে গ্রেফতার করেছে ইসরায়েল
অধিকৃত পশ্চিম তীরে হামাস সরকারের শিক্ষমন্ত্রী এবং অন্য আরও ৩২ জন কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইসরায়েল। বৃহস্পতিবার পশ্চিম তীরের নাবলুস শহরে ঢুকে শিক্ষমন্ত্রী নাসের আল সায়েরসহ হামাসের অন্ততপক্ষে ৩ জন আইনপ্রণেতা, নাবলুসের মেয়র, উপ-মেয়র এবং অন্যান্য হামাস কর্মকর্তাদের ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। হামাস কর্মকর্তারা একথা জানিয়েছেন। এদিকে, গাজায় বিমান হামলা এখনও চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশেষ করে হামাসের ইসলামি জঙ্গিদের ওপর জোরালো ইসরায়েলি হামলা চলছে।
হামাস ও অন্যান্য দলগুলো ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ইসরায়েলে রকেট হামলা বন্ধের আহ্বান প্রত্যাখ্যান করার পরপরই এই গণগ্রেফতারের ঘটনা ঘটে। ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনের দুমাস পেরুলেও হামাস ও আব্বাসের ফাতাহ দলের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। দুপক্ষের এই লড়াইয়ের মাঝেই গাজা ও পশ্চিম তীরে অভিযানে নেমেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পশ্চিম তীর থেকে ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “হামাসের সন্ত্রাসী সংগঠন সম্প্রতি পশ্চিম তীরে সন্ত্রাসের বিস্তৃতি ঘটানোর চেষ্টায় আছে। গাজায় যে পন্থায় তারা কাজ করছে এখানেও সেই মডেলের ভিত্তিতেই কাজ করছে তারা। সন্ত্রাসী কর্মকান্ড উৎসাহিত করতে তারা সরকারি প্রতিষ্ঠানগুলোকে কাজে লাগাচ্ছে।”
আটকাদেশের ভিত্তিতেই মন্ত্রীসহ অন্যান্যদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। গত বছরও ইসরায়েল একই ধরনের গ্রেফতার অভিযান চালিয়েছিল। ওই ঘটনার পর ইসরায়েল আন্তর্জাতিক সমালোচনার শিকার হয়। হামাস প্রধানমন্ত্রী ইসরায়েল এবং পশ্চিমাদের বিরুদ্ধে আব্বাসের ফাতাহ দলকে সমর্থন দেয়ার অভিযোগ তুলেছেন।
ইসরায়েল সরকারের কর্মকর্তা ডেভিড বেকার বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি জঙ্গি তালাশ করে যাবে। তিনি স্পষ্ট করে দিয়েবলেন, হামাসের সন্ত্রাসী কর্মকান্ডের অবসান ঘটাতে ইসরায়েল মরিয়া। গাজায় বিমান থেকে হামাস জঙ্গিদের ওপর প্রচণ্ড বোমা বর্ষণ করছে ইসরায়েল। তবে এ হামলায় তেমন কেউ মারা না গেলেও অনেকেই আহত হচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েল এই হামলা বন্ধ করলে তবেই রকেট হামলা বন্ধের কথা ভাবা যাবে বলে জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক দলগুলো।
