ইরানের পরমাণু কর্মসূচিতে অন্তর্ঘাতমূলক তৎপরতা যুক্তরাষ্ট্র ও মিত্রদের
ইরানের পরমাণু কর্মসূচি নস্যাৎ করতে এবার এ সংক্রান্ত শিল্পপ্রযুক্তিতে অন্তর্ঘাতমূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্র গোয়েন্দা সংস্থাগুলো। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে একথা বলা হয়। তবে মার্কিন স্বরাষ্ট্র দপ্তর এ প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সিবিএসের ভাষ্যমতে, প্রয়োজনীয় উপাদানে পরিবর্তন ও কারিগরি উপাত্তে রদবদল ঘটানোর মতো পন্থা অবলম্বন করা হচ্ছে যাতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে।
মার্কিন স্বরাষ্ট্র দপ্তরের মুখপাত্র শন ম্যাকরম্যাক প্রতিবেদন সম্পর্কে কোনো মন্তব্য করতে অনীহা জানিয়ে বলেছেন, কোনো ধরনের গোয়েন্দা কার্যক্রমের অভিযোগ থাকলে সেটা সংশ্লিষ্ট বিভাগেই খোঁজ নেওয়া উচিত।
এদিকে ইরানে এ ধরনের কোনো গোপন গোয়েন্দা কার্যক্রম চলছে কিনা সে সম্পর্কে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, যাতে তারা পরমাণু বোমা বানানোর সক্ষমতা অর্জন করতে না পারে। অন্যদিকে তেহরানের দাবি, বিদ্যুৎ উৎপাদনের জন্যই তারা এই কর্মসূচি চালাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এর আগে বলেছিলেন, ইরানকে ঠেকাতে সব ধরনের উপায়ই অবলম্বন করা হবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কিছু রাজনীতিবিদ ইরানের পরমাণু কেন্দ্রে বোমা হামলার আহ্বান জানিয়েছেন।
সিবিএস অবশ্য তাদের এই প্রতিবেদনের সূত্র উল্লেখ করেনি, একইভাবে গোপন করে গেছে কোন কোন দেশের গোয়েন্দা সংস্থা এতে জড়িত। সংবাদমাধ্যমটি বলেছে, “সংশ্লিষ্ট বিভিন্ন দেশের সূত্র সিবিএস নিউজকে জানিয়েছে যে গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে রাশিয়ার সাবেক কিছু পরমাণু বিজ্ঞানী ও প্রবাসী ইরানিরা জড়িত। এরা ইরানকে ত্র“টিযুক্ত উপাদান সরবরাহ করেছে যা সহজে সনাক্ত করার উপায় নেই। এগুলো ব্যবহারের অযোগ্য কিংবা সমস্যা তৈরি করবে।”
প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্ঘাতমূলক এই তৎপরতায় ইরানকে নিয়মিতই প্রযুক্তিগত বেশ সমস্যা পোহাতে হয়েছে। পরমাণু চুল্লি কিংবা বোমা বানাতে প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে যে সেন্ট্রিফিউজ ব্যবহার করা হয় তা চালাতে বেশ ঝামেলা হয়েছে তাদের। সিবিএস সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘জ্বালানি সরবরাহে বিস্ফোরণ’ এর একটি ঘটনার উল্লেখ করেছে যেখানে নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ভোল্টেজ নিয়ন্ত্রণে গোলমাল ঘটায় ৫০টি সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গেছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, “সাম্প্রতিক বছরগুলোয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বেশ কিছু তৎপরতা চালিয়েছে, তারা বিভিন্ন ধরনের উপায় ব্যবহার করেছে যার মধ্যে রয়েছে সনাক্ত অযোগ্য উপায়ে বিভিন্ন উপাদানকে ত্র“টিযুক্ত করা এবং প্রযুক্তিগত তথ্যউপাত্ত ও নক্সায় রদবদল এনে সেগুলোকে ব্যবহার অনুপযোগী করে দেওয়া।”
এদিকে বুধবার জাতিসংঘের পর্যবেক্ষক দল জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্দেশ উপেক্ষা করে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম অনেকদূর এগিয়ে নিয়েছে।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ বলেছে, ইরান এক হাজার ৬৪০টি সেন্ট্রিফিউজ স্থাপন করেছে এবং এর এক হাজার ৩০০টির মধ্যে তারা ‘ইউএফ৬’ গ্যাস প্রবেশ করে তা সচল করেছে।
