২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে জাতিসংঘের কার্যক্রম সম্প্রসারণের পক্ষে মার্কিন দূত

ইরাকে জাতিসংঘের কার্যক্রম সম্প্রসারণের পক্ষে মার্কিন দূত জালমে খলিলজাদ। বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইরাকের প্রতিবেশীদের সহায়তায় এবং দেশটির অভ্যন্তরীণ পুনর্গঠন প্রচেষ্টার মাধ্যমে জাতিসংঘের কার্যক্রম সম্প্রসারণের পরামর্শ দেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2007, 01:12 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এর আগে ইরাকে মার্কিন প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী খলিলজাদ প্রতিদিন দুঘণ্টা করে জাতিসংঘেও ওই দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের সঙ্গে একমত হোক বা না হোক, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ দেশটিকে সহায়তা করা। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু না বলে শুধু জানান, এ ব্যাপারে জাতিসংঘের সদস্যদের, বিশেষ করে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর সঙ্গে আগে আলোচনা করা উচিৎ।

তবে নিরাপত্তা পরিষদের অধিকাংশ দেশ ইরাকে মার্কিন আগ্রাসনের বিপক্ষে ছিল এবং সেখানে জাতিসংঘের আরও কর্মী পাঠানোর ব্যাপারে কর্মকর্তাদের উদ্বেগ রয়েছে। এর কারণ, ২০০৩ সালের আগস্ট মাসে বাগদাদে জাতিসংঘের সদরদপ্তরে এক বোমা হামলায় ২৩ শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছিলেন।

খলিলজাদ বলেন, “আমি বিশ্বাস করি, ইরাকে যা ঘটছে তা সবার জন্যই গুরুত্বপূর্ণ। বাকি বিশ্ব হয়তো আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করবে... কিন্তু এই মুহূর্তে আমি বিশ্বাস করি, ইরাকের ভবিষ্যত মধ্যপ্রাচ্যের ওপর প্রভাব ফেলবে।”

“ইরাক পুনর্গঠনের প্রশ্নে এবং দেশটির প্রতিবেশীদের নীতি নিয়ে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। দেশটিকে অভ্যন্তরীণভাবে একত্রিত করে এবং প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে মধ্যস্থতা করতে পারে জাতিসংঘ।” 

“আমি বিশ্বাস করি, ইরাকে জাতিসংঘের অনেক কিছুই করার আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হলো, জাতিসংঘ দেশটিতে নিজেদের ভূমিকা আরও বাড়াতে পারে।”

তিনি বলেন, ইরাকে জাতিসংঘের সম্প্রসারিত ভূমিকা নিয়ে আলোচনা এখনও জোরেসোরে শুরু না হলেও ‘এ সংক্রান্ত পরিকল্পনা তৈরি আছে’ এবং আগামী আগস্টে দেশটিতে ক্ষুদ্র পরিসরে জাতিসংঘের রাজনৈতিক কার্যক্রমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে।

জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান মার্কিন নেতৃত্বাধীন ইরাক আগ্রাসনকে ‘অবৈধ’ বলে আখ্যা দিলেও বর্তমান মহাসচিব বান কি - মুন এখনও এ প্রসঙ্গে কোনো বক্তব্য দেননি। বরং তিনি সম্প্রতি মিশরের শারম আল - শেখে এক সম্মেলনে ইরাকের জন্য, বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন জোটের অন্য সদস্যদের কাছ থেকে আরও অর্থ সাহায্য চান। এছাড়া তিনি দেশটির শত শত কোটি ডলারের ঋণ মওকুফেরও ব্যবস্থা করেন।