ইরান জাতিসংঘকে অগ্রাহ্য করে পরমাণু কর্মসূচি সম্প্রসারণ করেছে: আইএইএ
ইরান কেবল পরমাণূ কর্মসূচি বন্ধে জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমা অগ্রাহ্যই করেনি বরং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও সম্প্রসারণ করেছে। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এক গোপন প্রতিবেদনে একথা বলেছে। রয়টার্স বুধবার এ প্রতিবেদন হাতে পেয়েছে।
ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আড়ালে পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে- এ আশঙ্কা থেকে পশ্চিমারা তেহরানকে এ কর্মসূচি বন্ধে বাধ্য করার চেষ্টা করে আসছে। তেহরানের অনঢ় অবস্থনের মুখে জাতিসংঘ দুদফা নিষেধাজ্ঞা আরোপের পর ইরানে শিগগিরিই তৃতীয় দফা কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে।
তেহরান জাতিসংঘের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে পরমাণু কর্মসূচি বন্ধ করেনি। উপরন্তু তারা নতুন করে আরও ১৬০০ সেন্ট্রিফিউজ চালুর কথা জানিয়েছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার কোনোভাবেই না ছাড়ার ব্যাপারে অটল রয়েছে।
আইএইএ তাদের প্রতিবেদনে জানায়, “ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে এবং এর পরিধি বাড়াচ্ছে। সেন্ট্রিফিউজে ইউরেনিাম ইউএফ৬ গ্যাস ভরে তা সমৃদ্ধ করছে। পাশাপাশি ভারী-পানি সংশ্লিষ্ট প্রজেক্ট নিয়েও তারা কাজ শুরু করেছে।”
তবে সেন্ট্রিফিউজে ভরা উইরেনিয়াম গ্যাস পরমাণু বোমা বানানো উপযোগী এখনো হয়নি। এর মান এখনও ৮০-৯০ শতাংশের নীচে রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু এতে আরও বলা হয়, পরমাণু বোমা বানানোর মতো সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান এখনও তৈরি করতে না পারলেও তারা যে ক্রমেই এই প্রক্রিয়ার দিকে এগয়ে চলেছে তা স্পষ্ট।
প্রতিবেদনে বলা হয়, “ইরান তাদের কর্মসূচির ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দিতে না পারলে এবং সচ্ছ্বতা প্রমাণ না করলে তেহরান যে সত্যিই শান্তিপূর্ণ কর্মসূচি পরিচালনা করছে তা তুলে ধরে আইএইএ আন্তর্জাতিক সম্প্রদায়কে আশ্বস্ত করতে পাবে না ।”
