গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আব্বাস - হানিয়া বৈঠক শুরু
গাজায় হামাসের লক্ষ্যবস্তুর ওপর বুধবারও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতভর হামলায় অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন। এদিকে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস রকেট হামলাকারী জঙ্গিদের প্রতি ইসরায়েলের সঙ্গে নতুন করে অস্ত্রবিরতির আহ্বান জানাতে প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন।
গাজায় ক্ষমতাসীন হামাসের লক্ষ্যবস্তুগুলোর ওপর টানা আটদিন ধরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবারের হামলায় ইসরায়েলি সেনাবাহিনী দুটি ভবন ধ্বংস করে দিয়েছে, যা বিস্ফোরক তৈরি ও মজুত করতে ব্যবহৃত হতো বলে তারা দাবি করেছে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনিরা।
ইসরায়েলি সেনারা মিশর ও গাজার সীমান্তবর্তী একটি গ্রামের কয়েকটি বাড়িতেও তল্লাশী অভিযান চালিয়েছে।
এক ফিলিস্তিনি জানান, ইসরায়েলি শহরগুলোতে রকেট হামলা অব্যাহত থাকলে তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হবে বলে সেনারা হুমকি দিয়েছে।
এক সপ্তাহের ইসরায়েলি হামলায় অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার চিকিৎসকরা জানিয়েছেন। এদের মধ্যে ২৩ জন জঙ্গি।
প্রেসিডেন্ট আব্বাস প্রধানমন্ত্রী হানিয়ার সঙ্গে অজ্ঞাত স্থানে বৈঠকে বসেছেন বলে ফিলিস্তিন মন্ত্রিপরিষদের মুখপাত্র গাজী হামাদ জানিয়েছেন। বৈঠকে দুই নেতা গাজার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। এছাড়া বুধবার রাতে হানিয়া ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীর নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি তাদের রকেট হামলা বন্ধের জন্য চাপ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
হামাস ও ফাতাহর মধ্যে ক্রমবর্ধমান সহিংসতার মাঝে এটা দুই নেতার মধ্যে প্রথম বৈঠক। সাম্প্রতিক অস্ত্রবিরতি সত্ত্বেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
ইসরায়েলের দক্ষিণে বুধবারও দুটি রকেট হামলা হয়। তবে হামাস এগুলোর দায় স্বীকার করেনি। এতে কেউ হতাহতও হয়নি।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েল বরাবরও তা অস্বীকার করে আসছে। হামাসের অভিযোগ, ফাতাহকে শক্তিশালী করতে ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।
