২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই বোমা হামলায় জড়িত আরও ৫ জনের কারাদণ্ড

ভারতের মুম্বাই শহরে ১৯৯৩ সালের বোমা হামলায় জড়িত আরও পাঁচজনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এদের বিরুদ্ধে ঘটনাস্থলে বিস্ফোরক পরিবহনে সাহায্য করার অভিযোগ প্রমাণিত হওয়ার পর বুধবার আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। ভারতের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় ২৫৭ জন নিহত হয়েছিলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 04:44 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

অভিযুক্তদের ছয় থেকে ১৪ বছরের কারাদণ্ড ভোগ করার পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার রুপি করে জরিমানা দিতে হবে। জরিমানা অনাদায়ে তাদের আরও বেশি সময় ধরে কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায় দেয়।

মুম্বাই হামলা নিয়ে গঠিত একটি বিশেষ আদালত গত সপ্তাহ থেকে অভিযুক্ত ১০০ জনের বিরুদ্ধে রায় দিতে শুরু করে।  এদের মধ্যে এ পর্যন্ত ১৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড ও জরিমানার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও আছেন যার যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা হয়েছে। তার বিরুদ্ধে বড় অঙ্কের ঘুষ নিয়ে ঘটনাস্থলে অস্ত্র ও বিস্ফোরক পরিবহনে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়েছে।

পুলিশ বলছে, ভারতের সবচেয়ে দাগী আসামী ও সন্দেহভাজন আন্ডারগ্রাউন্ড ডন দাউদ ইব্রাহিম ওই হামলার নির্দেশ দিয়েছিলেন।

মুম্বাই হামলা সংক্রান্ত বিচার প্রক্রিয়া বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিচার প্রক্রিয়ার একটি। এটি আরও কয়েক সপ্তাহ চলবে বলে ধারণা করা হচ্ছে।