২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে মেলামচি পানি সরবরাহ প্রকল্প নিয়ে অনিশ্চয়তা

নেপালের রাজধানী কাঠমান্ডুতে পানিস্বল্পতা দূর করতে এবং শহরের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে মেলামচি নদী প্রকল্পটি অনিশ্চয়তার মুখে পড়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও কয়েকটি ইউরোপীয় দাতাসংস্থার যৌথ অর্থায়নে এ প্রকল্প শুরুর কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে মাওবাদী মন্ত্রীর অস্বীকৃতির কারণে এ অনিশ্চয়তা দেখা দেয় বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এডিবি। এদিকে বিগত সরকারের আমলে স্বাক্ষর করা চুক্তিটি অস্বচ্ছ বলে অভিযোগ করেছেন ওই মন্ত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2007, 04:34 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

এডিবি জানায়, মোট ৪৬ কোটি ৪০ লাখ ডলারের এ প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হয় ২০০১ সালে। সে সময় মেলামচি নদী থেকে ২৬ কিলোমিটার দীর্ঘ একটি টানেলের মাধ্যমে কাঠমান্ডু শহরে পানি সরবরাহ করতে এ প্রকল্পের জন্য ১২ কোটি ডলারের অর্থ ঋণ বরাদ্দ করে এডিবি।

পনের লাখ জনসংখ্যার কাঠমান্ডু শহরের পানি সরবরাহ ব্যবস্থা বেসরকারি খাতের কাছে হস্তান্তর করাও এ প্রকল্পটির অন্তর্ভুক্ত বলে জানায় এডিবি।

কিন্তু দরপত্রের মাধ্যমে এ প্রকল্প বাস্তবায়নের কাজ পাওয়া ব্রিটিশ প্রতিষ্ঠান সেভার্ন ট্রেন্ট পিএলসির সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে সম্প্রতি অস্বীকৃতি জানায় প্রকল্পের দায়িত্বে থাকা মাওবাদী মন্ত্রী হিসিলা যামি। এ ঘটনায় নিজেদের দরপত্র প্রত্যাহার করে নেয় প্রতিষ্ঠানটি।

মন্ত্রী বলেন, ব্রিটিশ প্রতিষ্ঠানটির সঙ্গে বিগত সরকারের আমলে স্বাক্ষর করা চুক্তিটি স্বচ্ছ নয়, তাই তাতে অনুমোদন দিবেন না তিনি। তবে এ বিষয়ে এডিবির সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি।

এডিবির নেপাল দপ্তর থেকে এক বিবৃতিতে মঙ্গলবার জানানো হয়, “এ অবস্থায় প্রকল্পের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে না।”

তাদের মতে, “সঠিকভাবে স্বাক্ষরিত ব্যবস্থাপনা চুক্তিটি অনুমোদনে সরকারের অক্ষমতার কারণে একদম শেষ পর্যায়ে এসে বাস্তবিকই দারুণ অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে।”

তবে এডিবির ওই মন্তব্যের জবাবে নেপাল সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এ প্রকল্পের একক শীর্ষ ঋণদাতা এডিবি। একটি কনসোর্টিয়ামের মাধ্যমে এ প্রকল্পের বাকি অর্থের প্রায় ৬০ ভাগ যোগান দেবে পশ্চিমা দাতারা।