শ্রীলঙ্কায় কার্যক্রম বন্ধ রেখেছে রেডক্রস
শ্রীলঙ্কায় সরকারি সেনা ও তামিল বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ জোরদার হওয়ায় দেশটিতে অনির্দিষ্টকালের জন্য কার্যক্রম বন্ধ করে দিয়েছে রেডক্রস। দেশটির দূর - উত্তরাঞ্চলীয় বাবুনিয়া জেলায় রেডক্রস কার্যালয়ের খুব কাছেই এক সপ্তাহে দুবার গুলিবর্ষণের ঘটনার পর কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সংস্থাটি বুধবার থেকে কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয়।
এ প্রসঙ্গে রেডক্রসের মুখপাত্র ডেভিড ভাগনাতি রয়টার্সকে বলেন, “আমরা ওই এলাকা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। আমরা পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সেখানে ফিরে যাব না এবং এ ব্যাপারে আমরা সরকার ও বিদ্রোহী উভয় পক্ষের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছি এবং আবারও ওখানে ফিরে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেছি।”
এদিকে সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে তারা পাঁচ বিদ্রোহীকে হত্যা করেছে। তবে এ খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।
এ প্রসঙ্গে সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সমরাসিংহে বলেন, “গত রাতে তিনটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিদ্রোহীরা ওমানথাই চৌকি পার হওয়ার সময় একটি অসামরিক যানে গুলিবর্ষণ করে। এ সময় কয়েকটি গুলি রেডক্রসের কর্মীদের আবাসস্থলে বিদ্ধ হয়।”
“গত রাতে আমরা এক বিদ্রোহীকে হত্যা করেছি। তার কাছ থেকে একটি সায়ানাইড ক্যাপসুল পাওয়ার গেছে। এছাড়া মধু এলাকায় দুই বিদ্রোহীর মৃতদেহ পাওয়া গেছে। পূর্বাঞ্চলেও দুই বিদ্রোহীকে হত্যা করা হয়েছে।”
তিনি আরও জানান, এর কদিন আগে বিদ্রোহীরা ওই এলাকায় মর্টার হামলা চালায়।
তিন জানান, সেনাবাহিনী বাবুনিয়া জেলায় সেনা ও বিদ্রোহীনিয়ন্ত্রিত এলাকার মধ্যকার সীমান্তবর্তী ওমানথাই তল্লাশী চৌকি বন্ধ করে দিয়েছে। দেশটির দুই দশকের গৃহযুদ্ধ বর্তমানে ওই এলাকায় কেন্দ্রিভূত রয়েছে। সেখানে এখন প্রায়ই সংঘর্ষে লিপ্ত হচ্ছে সরকারি সেনা ও বিদ্রোহীরা। সরকারি সেনারা সেখানে নিয়মিতভাবে বিমান হামলা চালাচ্ছে এবং বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে হামলা করছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এর ফলে পুর্ণাঙ্গ গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ১৯৮৩ সালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।
