হাইতির সাবেক আধাসামরিক নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে জালিয়াতির অভিযোগ
জমি বন্দক সংক্রান্ত জালিয়াতির অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে বিচার হবে হাইতির এক সাবেক আধাসামরিক নেতার। তিনি হাইতিতে ফিরে গেলে বিচার থেকে নি®কৃতি পেতে পারেন বলে একটি মানবাধিকার সংস্থা আশঙ্কা প্রকাশ করলে এ সংক্রান্ত আদেশ জারি হয়। ইমানুয়েল ‘টোটো’ কনস্ট্যান্ট নামের ৫০ বছর বয়স্ক ওই ব্যক্তি ফ্রন্ট ফর দি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড প্রগ্রেস অফ হাইতির (এফআরএপিএইচ) নেতা ছিলেন। তার বিরুদ্ধে হাইতিতে হত্যা ও ধর্ষণের অভিযোগ রয়েছে।
কনস্ট্যান্ট এর আগে জালিয়াতি ও জোচ্চুরির অভিযোগ স্বীকার করে নেওয়ার পর আদালত তার সাজা কমিয়ে দেয়। কিন্তু নিউইয়র্কের সুপ্রিমকোর্টের বিচারক আব্রাহাম জর্জেস এফআরএপিএইচের এই নেতার তৎপরতা সম্পর্কে প্রাপ্ত পূর্ণাঙ্গ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ওই রায় বাতিল করেন।
বিচারক তার এক লিখিত প্রজ্ঞাপনে বলেছেন, “এসব অভিযোগ যদি সত্য হয় তবে তা আসলেই ভয়ঙ্কর এবং সেক্ষেত্রে আদালত তার ঘোষিত রায়ের ব্যাপারে আগের অবস্থানে থাকবে না। আদালত সাজা কম করে দেওয়ার রায়ে স্থির থাকতে পারে না, কারণ তাহলে ব্যাপারটি হাস্যকর হয়ে ওঠে।”
বিচারক ২৪ সেপ্টেম্বর মামলার শুনানির তারিখ ঘোষণা করেছে। দোষি সাব্যস্ত হলে কনস্ট্যান্টের ১৫ বছর পর্যন্ত সাজা হতে পারে।
দি সেন্টার ফর কনস্টিটিউশনাল রাইট বিচারকের কাছে লেখা এক চিঠিতে আশঙ্কা প্রকাশ করে বলেছে, নিউইয়র্কে অর্থনৈতিক অপরাধের জন্য হ্রাসসকৃত সময়ের বদলে কনস্ট্যান্টের পূর্ণ সময়ের জন্যই জেল খাটা উচিত। কারণ, তিনি নিজ দেশে ফিরে গেলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার বিচার সঠিকভাবে নাও হতে পারে।
মানবাধিকার সংগঠনটি আরও জানায়, হাইতির সাবেক প্রেসিডেন্ট জঁ - বার্ট্রান্ড আরিস্টাইডকে উৎখাত করার জন্য গঠিত আত্মঘাতী হামলাকারীদের সংগঠন এফআরএপিএইচের সাবেক এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি ১৯৯৪ সালে নিউইয়র্কে পালিয়ে আসেন।
সংগঠনটি আরও জানায়, কনস্ট্যান্ট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একজন সাবেক চর এবং তিনি আরিস্টাইড সরকারের বিচারমন্ত্রী গাই মালারির হত্যার সঙ্গে সরাসরি যুক্ত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি পান।
