আঙ্কারায় বিস্ফোরণে ৬ জন নিহত, আহত ১০০
তুরস্কের রাজধানী আঙ্কারার গুরুত্বপূর্ণ ব্যস্ততম এলাকা উলুসের একটি বিপণি বিতানের সামনে বোমা বিস্ফোরণে মঙ্গলবার কমপক্ষে ছয়জন নিহত এবং আরও ১০০ জন আহত হয়েছেন। গত এক দশকের মধ্যে দেশটির রাজধানীতে এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। হামলার দায়িত্ব কেউ স্বীকার না করলেও নিরাপত্তা কর্মকর্তাসহ সবার সন্দেহের আঙ্গুল কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দিকেই।
উলুসের মূল সড়কে অবস্থিত একটি বিপণি বিতানের প্রবেশ পথে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটির প্রধান ফটকের প্রায় পুরোটাই বিধ্বস্ত হয় এবং দোকানপাটের দরজা - জানালা গুড়িয়ে যায়। এ সময় ব্যস্ত এ বিপনি বিতানের সামনে পথচারীসহ আসা যাওয়ার পথে থাকা প্রায় ১০০ জন আহত হন। ঘটনাস্থলেই মারা যান কমপক্ষে পাঁচজন। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।
আঙ্কারার ঐতিহাসিক উলুস এলাকায় বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী তাইয়িপ এর্দোগান সাংবাদিকদের বলেন, “আঙ্কারার ব্যস্ততম সময়ে এক জঘণ্য বর্বর সন্ত্রাসবাদী হামলা দেখলাম আমরা।”
এর্দোগান জানান, চারজন তুর্কি ও এক পাকিস্তানি ঘটনাস্থলে নিহত হন। রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাতোলিয়ান জানায়, পরে হাসপাতালে আরও এক ব্যক্তি মারা যান। আহতদের মধ্যে রয়েছেন আরও ছয় পাকিস্তানি। কিন্তু পরে পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ গুল বলেছেন, নিহতদের মধ্যে কোনো পাকিস্তানি নাগরিক নেই।
তুরস্কের টিভি চ্যানেল সিএনএন টার্ক ও এনটিভি জানায়, বিস্ফোরণটি কোনো আত্মঘাতী বোমারুর কাজ, নাকি কোনো প্যাকেটের মধ্যে বোমাটি রাখা ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আঙ্কারার মেয়র মেলিহ গোকসেক বলেন, “এটি আমার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ দৃশ্য। এতে খুবই মর্মাহত আমি।”
তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সবাই কুর্দি বিচ্ছিন্নতাবাদীদেরই সন্দেহ করছেন। তুরস্কের সেনাপ্রধান বলেছেন, অন্যান্য বড় শহরগুলোতেও একই ধরনের বিস্ফোরণের আশঙ্কা করছেন তিনি।
ওই নিরাপত্তা সূত্রটি জানায়, এ ঘটনায় কুর্দিস্তান ওয়ার্কাস পার্টিকে (পিকেকে) সন্দেহ করছে সরকার। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা।
