লেবাননে সাময়িক অস্ত্রবিরতিতে ত্রাণ তৎপরতা শুরু
লেবাননের উত্তরাঞ্চলে নাহর আল বারেদ ফিলিস্তিনি শরণার্থী শিবিরকে ঘিরে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের সঙ্গে লেবানিজ সেনাদের সংঘর্ষ মঙ্গলবার পর্যন্ত গড়িয়েছে। তবে এদিন ফাতাহ আল ইসলাম অস্ত্রবিরতির প্রস্তাব দিয়েছে সেনাদের। গ্র“পের মুখপাত্র জানান, সেনারা হামলা না চালানো পর্যন্ত এ অস্ত্রবিরতি চলতে পারে। এই সাময়িক অস্ত্র বিরতির মাঝেই শুরু হয়েছে গোলযোগপূর্ণ এলাকায় আটকে পড়া লোকজনদের জন্য ত্রাণ সরবরাহ কার্যক্রম। ত্রাণসামগ্রী বোঝাই ট্রাক উপদ্রুত অঞ্চলে পৌঁছাচ্ছে।
সেনাবাহিনী আক্রমণ বন্ধ করলে ফাতাহ আল ইসলামও পাল্টা হামলার বন্ধ করার কথা জানানোর পর থেকেই দুপক্ষে সংঘাত অনেকটা কমে এসেছে। জাতিসংঘ বাহিনী এ শান্ত অবস্থার সুযোগে আটকে পড়া লোকজনদের জন্য খাবার, পানি ও চিকিৎসা সেবা পৌঁছে দোর চেষ্টা করছে।
এর আগে ফাতাহ আল ইসলাম মুখপাত্র আবু সালিম বলেন, “ পরিস্থিতি শান্ত হওয়ার একটা সুযোগ দিতে চাই আমরা।” মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিট থেকে এ অস্ত্রবিরতি কার্যকর করার কথা জানায় তারা।
অস্ত্রবিরতি কতক্ষণ কার্যকর থাকবে এমন এক প্রশ্নের জবাবে আবু সালিম জানান, “ এটা উন্মুক্ত, যতোক্ষণ খুশি তা চলতে পারে।” সেনাবাহিনী যতোক্ষণ হামলা না করবে ততোক্ষণ তারা হামলা চালাবে না বলেও জানান তিনি।
সংঘর্ষ থামার সঙ্গে সঙ্গেই আটকে পড়া সব লোকজন এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে। জানালায় সাদা পতাকা ওড়াচ্ছে কেউ কেউ।
এরই মধ্যে এক জঙ্গি ত্রিপোলিতে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক নিরাপত্তা সূত্র একথা জানান। এলাকার অধিবাসীরা তিনদিন ধরে চলা সংঘর্ষের ক্ষয়ক্ষতি দেখতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়েছে। রাস্তায় রাস্তায় এখনও ঘুরে বেড়াচ্ছে বন্দুকধারীরা।
রোববার শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত সেনাসদস্য ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ৭৯ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় দুই শতাধিক। শিবিরটির বাসিন্দা প্রায় ৪০ হাজার হাজার নারী পুরুষ ও শিশু সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
তিনদিনের মতো সংঘর্ষ অব্যাহত থাকায় শিবিরের পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সেখানকার বাসিন্দা লায়লা মোওয়াদ আল জাজিরা টিভিকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে বলেছেন, “এটা অত্যন্ত বেদনাদায়ক। আমার বাড়ির সামনেই তিনজন আহত হয়ে পড়ে আছেন। কিন্তু আমরা তাদের সরিয়ে আনতে পারছি না।”
শিবিরের গায়ে গা লাগানো দালান কোঠার মাঝে একের পর এক শেলের বিস্ফোরণে প্রায় সারাক্ষণই কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে।
এদিকে বৈরুতে একটি বাণিজ্যিক এলাকায় সোমবার রাতে এক বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। এর আগে রোববার খ্রিস্টান অধ্যুষিত এলাকায় আরেক বোমা বিস্ফোরণে এক নারী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হন।
একটি ফ্যাক্স বার্তায় ফাতাহ আল - ইসলামের পক্ষে বৈরুতে বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করা হলেও গ্র“পের মুখপাত্র তা নাকচ করে দিয়ে বলেছেন, এর সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নন।
আশির দশকের গৃহযুদ্ধের পর লেবাননের সবচেয়ে মারাত্মক অভ্যন্তরীণ সংঘর্ষ হিসেবে একে বিবেচনা করা হচ্ছে। রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে কমপক্ষে ৩২ জন সেনা, ২০ ফাতাহ আল - ইসলাম কর্মী এবং ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হন।
নিরাপত্তা কর্মকর্তারা জানান, শরণার্থী শিবিরের চারপাশে নিরাপত্তা জোরদার করেছেন তারা। একইসঙ্গে শিবিরের প্রবেশ পথের কাছে ফাতাহ আল - ইসলাম জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে ট্যাংক থেকে গোলা নিক্ষেপ করছে সেনারা। জবাবে সেনা অবস্থানে গ্রেনেড ছুড়ে মারছে এবং বিভিন্ন সেনা চৌকি লক্ষ্য করে মেশিনগানের গুলি ছুড়ছে ফাতাহ আল - ইসলাম সদস্যরা।
আটত্রিশ বছর আগের এক চুক্তির কারণে লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরে লেবাননী সেনাবাহিনীর প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ১৯৬৯ সালের আরব চুক্তি অনুসারে লেবাননের ১২টি শরণার্থী শিবিরে সেনা প্রবেশের ওপর ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল হারিরির হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের বিশেষ ট্রাইবুনাল গঠনের কাজে বিঘœ সৃষ্টি করতে নতুন করে এ অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের সরকার এজন্য সিরিয়া এবং তাদের অনুগত ফাতাহ আল ইসলাম গ্র“পকে দায়ি করছে।
সিরিয়াপন্থী ফাতাহ গ্র“প ভেঙে গিয়ে গত বছর ফাতাহ আল - ইসলাম গ্র“পটি আত্মপ্রকাশ করে। গ্র“পটিকে লেবাননের সিরীয় গোয়েন্দা শাখার সঙ্গে সম্পর্কযুক্ত বলে অভিযোগ করেছে লেবানন কর্তৃপক্ষ। কিন্তু সিরিয়া কিংবা জঙ্গি গ্র“পটির কেউই বিষয়টি স্বীকার করেননি।
