২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের পক্ষে মার্কিন কর্মকর্তার সাফাই

যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে সহযোগিতার প্রতিশ্র“তি রক্ষায় পাকিস্তানের ভূমিকা নিয়ে ওয়াশিংটনের সংশয় সত্ত্বেও ইসলামাবাদের পক্ষে সাফাই গেয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচার। তিনি বলেছেন, আফগান সীমান্তে তালেবান এবং আল কায়েদা জঙ্গিদের দমনে ক্রমাগতভাবে সক্রিয় ভূমিকা পালন করছে পাকিস্তান। একইসঙ্গে পাকিস্তানের চলমান রাজনৈতিক সঙ্কটের বিষয়ে তিনি বলেছেন, বিষয়টি পাকিস্তানকেই সমাধান করতে হবে। দেশটিকে প্রদত্ত সাহায্য অব্যাহত রাখার বিষয়ে কংগ্রেসের সংশয়ের পরিপ্রেক্ষিতে তিনি একথা বলেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2007, 12:41 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

পাকিস্তানের চলমান রাজনৈতিক সঙ্কট এবং চলতি বছরে নির্বাচনের আগে দুই নির্বাসিত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও বেনজির ভূট্টোর দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে বাউচার বলেন, “ওয়াশিংটন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। আর তাদের (নওয়াজ ও বেনজির) বিষয়টি পাকিস্তানের বিচার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ওই বিষয়ে মতামত দেওয়ার অবস্থানে আমি নেই। বিষয়গুলো পাকিস্তানকেই সমাধান করতে হবে।” 

বাউচার এক সাক্ষাৎকারে বলেছেন, “ওই অঞ্চলে (আফগান সীমান্তে) প্রায় ৮০ হাজার সেনা মোতায়েন করেছে পাকিস্তান। অনুপ্রবেশ ঠেকানোর কাজে সক্রিয় ভূমিকা রাখছে ওই সেনারা। বিদেশি জঙ্গিদের তাড়াতে তালেবান ও তাদের সহায়তাকারী গোষ্ঠী নেতাদের দমন ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে তারা।”

বাউচার বলেন, ডিসেম্বর মাস থেকে তাদের এ জোরদার তালেবানবিরোধী অভিযান আমাদের অনেকটা অলক্ষ্যেই রয়ে গেছে।

১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধে এ অঞ্চলের সবচেয়ে বড় মিত্র হয়ে ওঠে পাকিস্তান। কিন্তু আফগানিস্তান ইস্যুতে এবং তালেবান দমনে দেশটির ভূমিকা নিয়ে ক্রমাগত সন্দিহান হয়ে উঠতে থাকে যুক্তরাষ্ট্র। ফেব্রয়ারি মাসে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি আফগানিস্তান ও পাকিস্তান সফরে আসেন এবং পাক - আফগান সীমান্তে জঙ্গিদের দমনে আরও সক্রিয় ভূমিকা রাখতে প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফকে আহ্বান জানান।

এ অবস্থায় পাকিস্তানকে প্রতিশ্র“ত সাহায্য অব্যাহত রাখা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে মার্কিন কংগ্রেস।

সেন্টার ফর ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সাল থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার কোটি ডলার অর্থ সাহায্য দিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু এ বিষয়ে তেমন কোনো জবাবদিহিতা নেই দেশটির।

এ সাহায্যের মধ্যে রয়েছে অর্থনৈতিক, সামরিক, শিক্ষা, স্বাস্থ্য এবং গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে বার্ষিক ৭০০ কোটি ডলারের সাহায্য। একইসঙ্গে রয়েছে দেশটির সন্ত্রাসবিরোধী অভিযান জোরদারের লক্ষ্যে মাসিক ১০ কোটি ডলারের সাহায্য।

বাউচার বলেছেন, বার্ষিক ৭০০ কোটি ডলারের সাহায্যের অনেকটাই খরচ হয়েছে পাকিস্তানকে আরও উদার ও আধুনিক সমাজ হিসেবে গড়ে তুলতে দুদেশের যৌথ লক্ষ্য বাস্তবায়নের কাজে।

প্রক্রিয়ার মধ্যে আগামী পাঁচ বছরে দুর্গম গোষ্ঠী অধ্যুষিত এলাকার উন্নয়নে প্রায় ৭৫০ কোটি ডলারের সাহায্য ব্যয়ের পরিকল্পনা রয়েছে।