ইরানের মার্কিনবিরোধি নীতি হিরোশিমা বোমার চেয়েও শক্তিশালী: খামেনি
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার ইরানি নীতি ‘বিশ্ব রাজনীতিতে এক শক্তিশালী বোমা’। জাপানের হিরোশিমায় ফেলা বোমার চেয়েও তা শক্তিশালী।” ইরানের সর্বচ্চো নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সোমবার এ মন্তব্য করেছেন। পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান-ওয়াশিংটন সম্পর্কে উত্তেজনার মধ্যে খামেনি এমন মন্তব্য করলেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার খামেনির এই বক্তব্য প্রচার করেছে।
ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। কিন্তু ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানে ওপর দফায় দফায় জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপ করেও পরমাণু কর্মসূচি বন্ধে তেহরানকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক সম্প্রদায়। বরং উল্টো ইরান তার দেশে হামলা হলে পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে। চাপের কাছে মাথা নত না করার অঙ্গীকার করে ইরান বলেছে, যে কোনো মূল্যেই পরমাণু কর্মসূচি চালানোর অধিকার তারা রক্ষা করবে।
ইরানের এই অটল মনোভাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা খামেনির বিরূপ মন্তব্যে আরও খানিকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে। তিনি বলেছেন, “বর্তমান বিশ্বের রাজনৈতিক অঙ্গন ইচ্ছা অনুযায়ী যুদ্ধ এবং নীতি পরিালনার জটিল পরিমন্ডল। আর এই বিশ্ব রাজনীতিতে ইরান হিরোশিমায় যুক্তরাষ্ট্রের নিক্ষিপ্ত অ্যাটম বোমার চেয়ে শতগুণ শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।”
খামেনি আরও বলেন, “ইউরোপীয়রা পর্যন্ত আগ্রাসী যুক্তরাষ্ট্রের সামনে নীরব থাকে। অথচ ইরান তাদের কর্মকাণ্ড এবং অনঢ় মনোভাব দিয়ে ওই আগ্রাসী শক্তির সব নিয়ম-নীতিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।”
