২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশ-ব্লেয়ারের তীব্র সমালোচনায় জিমি কার্টার

আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে জর্জ ডব্লিউ বুশের প্রেসিডেন্সিই সবচে বাজে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এ প্রেসিডেন্সিকে অন্ধ সমর্থন দিয়ে বুশের আনুগত্য প্রকাশ করেছেন। ইরাক যুদ্ধে জোট বাঁধা দুই মিত্র বুশ ও ব্লেয়ারের এমনই কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। আটলান্টার কার্টার সেন্টার থেকে ‘আরকানসাস ডেমোক্রেট গেজেট’কে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে কার্টার এ সমালোচনা করেন। সাক্ষাতকারটি শনিবার প্রকাশ করা হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2007, 03:53 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

নোবেল পুরস্কার বিজয়ী কার্টার সাক্ষাতকারে বলেন, “বিশ্বব্যাপী এ দেশ ও জাতির যে নেতিবাচক ভাবমূর্তি দাঁড়িয়েছে ইতিহাসে এমনটি আর দেখা যায়নি।” ব্রিটেনের বিবিসি বেতারের সঙ্গে এক সাক্ষাৎকারে কার্টার বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারেরও সমালোচনা করেন এবং বুশের প্রতি অতি আনুগত্যের জন্য তার নিন্দা করেন।

বুশের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব বিশেষ করে ইরাক যুদ্ধ নীতিতে একসঙ্গে থাকায় ব্লেয়ারকে আগাম ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হচ্ছে। তারপরও ব্লেয়ার বলছেন, ইরাক যুদ্ধে বুশের সঙ্গে জোট বাঁধায় তার কোনো দুঃখ নেই। এমনকী সাদ্দামকে উৎখাত করেও তিনি অনুতপ্ত নন।

বুশ ও ব্লেয়ারের এই সম্পর্ককে কিভাবে মূল্যায়ন করবেন জিজ্ঞেস করা হলে কার্টার বলেন, এ সম্পর্ক খুবই নিবিড়, অনুগত, অন্ধ। তিনি বলেন, “প্রেসিডেন্ট বুশের অদূরদর্শী ইরাক-নীতিতে গ্রেট ব্রিটেনের অন্ধ সমর্থনটাই বিশ্বের জন্য সবচে বড় ট্র্যাজেডি হয়ে দাঁড়িয়েছে বলে আমার বিশ্বাস।”

১৯৭৭-১৯৮১ সালে প্রেসিডেন্ট থাকাকালে সমাজসেবামূলক কাজের জন্য জিমি কার্টার ২০০২ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর সময়ও তিনি স্পষ্টভাষায় এর বিরোধিতা করেছিলেন।

সাক্ষাতকারে তিনি বলেন,  “ইরাক যুদ্ধের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বুশ আগের প্রশাসনের সব নীতি থেকে অদ্ভূতভাবে সরে গেছেন। এর মধ্য দিয়ে আমরা এখন আগবাড়িয়ে অন্য দেশে হামলা চালানোর ধারণা দিয়ে দিয়েছি। আমাদের নিরাপত্তা সরাসরি হুমকির মুখে না থাকলেও কোনো দেশের শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য কিংবা ভবিষ্যতে আমাদের নিরাপত্তা বিঘিœত হতে পারে এই আশঙ্কা থেকে এরকম যুদ্ধ চালানোর প্রছন্ন পথ প্রদর্শন করেছি আমরা।”

কার্টার বলেন, “ব্লেয়ার ইরাক যুদ্ধে সমর্থন না দিলেও তিনি ওই যুদ্ধ বন্ধ করতে পারতেন না। তবে এতে করে অন্তত সমালোচকদের তোয়াক্কা না করাটা ওয়াশিংটনের জন্য কঠিন হতো। কিন্তু ব্লেয়ার সমর্থন দেওয়ায় বুশ প্রশাসন মনে করেছে, বিশ্বের যে যাই বলুক আমরা ঠিক পথেই এগুচ্ছি। কারণ, গ্রেট ব্রিটেন আমাদেরকে সমর্থন দিচ্ছে।”

বিবিসি সাক্ষাতকারে কার্টার আরও বলেন,  “বুশ-ব্লেয়ার জুটি ইরাক যুদ্ধে সমর্থন দেয়ায় যুদ্ধে তাদের হাত শক্তিশালী হয়েছে এবং এই যুদ্ধে বিরোধিতাকারীরা কমজোর হয়ে পড়েছে। ফলে যুদ্ধই কেবল বিলম্বিত হয়েছে এবং গোটা পরিস্থিতিই ট্রাজেডির দিকে গেছে।

হোয়াইট হাউস কার্টারের এই বক্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। তবে রিপাবলিকান ন্যাশনাল কমিটি কার্টারের পাল্টা সমালোচনা করেছে।