২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে অপহৃত পুলিশদের মুক্তি দিতে মাদ্রাসার ছাত্রদের অস্বীকৃতি

মাদ্রাসার ছাত্রদের হাতে অপহৃত চার পুলিশ সদস্যের মুক্তির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তানে ইসলামপন্থীদের ঘাঁটি বলে পরিচিত এক মাদ্রাসার ছাত্ররা সরকারের বিরুদ্ধে অসন্তোষ জানাতে শুক্রবার ইসলামাবাদ থেকে চার পুলিশ সদস্যকে অপহরণ করে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 May 2007, 03:22 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

তালেবান সমর্থিত লাল মসজিদ বা লাল মাদ্রাসার ধর্মগুরু এবং ছাত্ররা গত জানুয়ারি থেকে তাদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে নানা ধরনের উস্কানিমূলক সরকার বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এমনকি তারা আত্মঘাতী বোমা হামলারও হুমকিও দিয়েছে।

গত মাসের আলোচনার পর তাদের সঙ্গে একটি সমঝোতায় আসা গেছে বলে সরকার দাবি করেছিল। কিন্তু শুক্রবার কয়েকজন ছাত্র চারজন সাদা পোশাকধারী পুলিশকে মাদ্রাসার বাহিরে থেকে ধরে নিয়ে যায় এবং ভেতরে আটকে রাখে বলে পুলিশ জানায়।

মাদ্রাসার ধর্মগুরু আব্দুল রশীদ গাজি বলেছেন, ছাত্ররা গত মাসে গ্রেপ্তারকৃত মাদ্রসার ছাত্রদের মুক্তি দেওয়ার দাবি করেছে।

পুলিশ বলেছে, তারা তাদের সহকর্মীদের নিরাপদ মুক্তির বিষয়টি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক চৌধুরী ইফতেখার আহমেদ রয়টার্সকে বলেছেন, “এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে।”

শুক্রবার রাতের ব্যর্থ আলোচনার পর আহমেদ বলেন, “দেখা যাক ঘটনা কোনদিকে যায়, তারপর আমরা সিদ্ধান্ত নেব।”

গত জানুয়ারি মাসে কর্তৃপক্ষের সরকারি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা মাদ্রাসার অংশ ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে এর ছাত্রীরা তাদের মাদ্রাসা সংলগ্ন শিশুদের একটি গ্রন্থাগার দখল করে নেয়। সরকার ওই সিদ্ধান্ত পরে বাতিল করলেও ছাত্রীরা গ্রন্থাগারের দখল ছাড়েনি। ধর্মগুরু এবং ছাত্ররা ভেঙ্গে ফেলা সবগুলো মাদ্রাসার পুনর্গঠনের এবং ইসলামি শাসন প্রতিষ্ঠার দাবি জানায়।

ধর্মগুরু আব্দুল রশীদ গাজি গত মাসে হুমকি দেন, ইসলামি শাসন প্রতিষ্ঠায় তাদের বাধা দেওয়া হলে তিনি আত্মঘাতী বোমা হামলা করার নির্দেশ দেবেন।

পরে ছাত্ররা একটি ভিডিওর দোকানে গিয়ে কোনো ধরনের সিনেমার ভিডিও বিক্রি বন্ধ করতে বলে এবং রাস্তার দাঁড়িয়ে অনেকগুলো ভিডিও ও সিডি পুড়িয়ে দেয়।

ছাত্ররা এ সময়ে পতিতালয় চালানোর জন্য তিন নারীকে অপহরণ করে এবং সাংবাদিকদের সামনে তাদের দিয়ে এ ব্যবসা না করার প্রতিশ্রুতি আদায় করে। এ কিছু সময়য়ের জন্য তারা দুজন পুলিশ সদস্যকে এবং দুটি পুলিশের গাড়ি আটকে রাখে।