গাজায় আরও কঠোর হামলার হুঁশিয়ারি ইসরায়েলের
গাজায় হামাসের নিরাপত্তা সদরদপ্তর বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়ার পরদিন শুক্রবার ইসরায়েল আবারও হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। পাশাপাশি ফিলিস্তিনের রকেট হামলা রুখে দাঁড়াতে হামাসের ওপর আরও কঠোর হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনে দুই প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহর মধ্যে চলমান লড়াইয়ের মাঝেই ইসরায়েল নতুন করে এই হুঁশিয়ারি দিল।
তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি বিদেশি রাষ্ট্রদূতদের বলেন, “সরকার আর কয়েকদিনের মধ্যেই গাজায় আরো কঠোর হামলা শুরুর সিদ্ধান্ত নিতে পারে।” এদিকে, ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড বেকার বলেন, “আমরা রকেট হামলা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে চাই এবং ইসরায়েলে এই হামলার হুমকি দূর করতে চাই।”
ইসরায়েলের এই কঠোর অবস্থানের মুখে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধভাবে ইসরাইলি আগ্রাসন রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে অভ্যন্তরীন সংঘাত বন্ধেও ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দল ইসরায়েলের পক্ষ নিচ্ছে বলে হামাস অভিযোগ করে আসছে। ফাতাহ ইতোমধ্যেই ইসরায়েলি সামরিক অভিযান বন্ধের জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিজা রাইসের সহায়তা চেয়েছে। আব্বাসও অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধে রাইসকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফিলিস্তিনি একটি বার্তা সংস্থা একথা জানায়।
ফিলিস্তিনি হাসপাতালের এক কর্মকতা জানিয়েছেন, ইসরায়েলে রকেট হামলার জবাবে ইসরায়েলি হেলিকপ্টার গানশিপ হামলায় অন্ততপক্ষে একজন ফিলিস্তিনি নিহত এবং অন্যান্য আরও কয়েকজন আহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা গাজার উত্তরাঞ্চলে তারা একজন রকেট ক্রুর ওপর হামলা চালিয়েছে। তারা আরও জানায়, এ হামলা চালানোর আগে শুক্রবার সকালে ৮ টি কাসাম ক্ষেপণাস্ত্র ইসরায়েলে আঘাত হানে। এর একটি গিয়ে পড়ে ডেরথ শহরের একটি বাড়ীতে। তবে এতে কেউ নিহত হয়নি।
এর কয়েকঘন্টা পরই ইসরায়েলি বাহিনী গাজায় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। ইহুদি বসতির কাছে হামাসের শসস্ত্র শাখার ঘাঁটিতে এই হামলা চালায় ইসরায়েলি সেনারা। তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তিনটি কেট চালিত গ্রেনেড হামাসপন্থী ইসলামিক বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে আঘাত হেনেছে। বৃহস্পতি ও শুক্র দুদিনের ইসরায়েলি হামলায় অন্ততপক্ষে ৮ জন ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছে বরে জানা গেছে।
