২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কে হচ্ছেন উলফোভিৎসের উত্তরসূরী

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদ থেকে উলফোভিৎসের পদত্যাগে তাকে নিয়ে চলমান অচলবস্থা নিরসন হলেও এবার কে তার উত্তরসূরী হচ্ছেন সে প্রশ্ন সামনে চলে এসেছে। উত্তরসূরী নিয়োগ নিয়ে সংগ্রামের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। উলফোভিৎসকে নিয়ে এমন কেলেঙ্কারির পর ওই পদে আদৌ আর কাউকে নিয়োগ দেয়া উচিত কিনা তা যুক্তরাষ্ট্রকে ভেবে দেখতে হচ্ছে। তারপরও হোয়াইট হাউস জানিয়েছে, তারা শিগগিরিই একজন মার্কিন উত্তরসূরীর নাম প্রস্তাব করবে। তবে বিদায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও উলফোভিৎসের সম্ভাব্য উত্তরসূরী হতে পারেন বলে গুঞ্জন উঠেছে মার্কিন গণমাধ্যমে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 06:19 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

বান্ধবী সাহা রিজাকে উচ্চ বেতনের পদন্নোতি দিয়ে ব্যাংকের নিয়ম ভঙ্গের অভিযোগের মুখে উলফোভিৎস বৃহস্পতিবার পদত্যাগ করেন। তার এই পদত্যাগ ৩০ জুন থেকে কার্যকর হওয়ার কথা। এরই মধ্যে বিশ্বব্যাংক বোর্ড উলফোভিৎসের উত্তরসূরী নির্ধারণ নিয়ে শুক্রবার বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়। এই বৈঠকে বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট বাছাই করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার কথা।

মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন বলেছেন, বিশ্বব্যাংকের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে উফলোভিৎসের উত্তরসূরী বাছাই করার কাজে তিনি প্রেসিডেন্ট বুশকে সাহায্য করবেন। তবে হোয়াইট হাউস উলফোভিৎসের উত্তসূরী নিয়ে আগেভাগেই কোনো জল্পনা-কল্পনা না করার ব্যাপারেও সতর্ক করে দিয়েছে।

এদিকে, মার্কিন গণমাধ্যমে ইতমধ্যেই বিশ্বব্যাংকের সম্ভাব্য প্রেসিডেন্ট হিসাবে বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। এর মধ্যে রয়েছেন,  সাবেক মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী রবার্ট জোয়েলিক, মার্কিন উপ-অর্থমন্ত্রী রবার্ট কিমমিট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। অন্যান দের মধ্যে রয়েছেন, ইসরায়েল ব্যাংকের গভর্নর স্ট্যানলি ফিশার, নাইজেরিয়ার সাবেক অর্থমন্ত্রী নোজি ওকোনজো-ইবেলা, দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী ট্রেভর ম্যানুয়েল এবং  তুরস্কের সাবেক অর্থমন্ত্রী কারমাল দারভিস।

উলফোভিৎসকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে নিয়োগ দিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু  পেন্টাগনে থাকাকালে ইরাক যুদ্ধে ভূমিকার জন্য উলফোভিৎস এ পদে একজন বিতর্কিত ব্যক্তি ছিলেন। পরে বান্ধবীকে অনৈতিক সুবিধা দেয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর ইউরোপীয় দেশগুলো তার প্রতি বিরূপ হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাদের চাপের মুখেই তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

কয়েকটি ইউরোপীয় দেশ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে যুক্তরাষ্ট্রের লোক নিয়োগ দেয়ার ঐতিহ্যকে সরাসরি চ্যালেঞ্জও করেছে। অনেক ইউরোপীয় দেশই এখন এ পদে লোক বাছাই এবং নিয়োগ দেয়ার ক্ষেত্রে ব্যাপক আলাপ-আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নেয়ার দাবি জানিয়েছে।

বিশ্ব্যাংকের কর্মচারীরাসহ ব্যাংকের দারিদ্র-দূরীকরণ ও উন্নয়ন পরিষদ জাতীয়তা নয় বরং মেধার ভিত্তিতে প্রেসিডেন্ট পদের জন্য লোক বাছাইয়ের আবেদন জানিয়েছে।