ফিলিপাইনের বাস স্টেশনে বোমা বিস্ফোরণে নিহত ৩
ফিলিপাইনের একটি জনবহুল বাস স্টেশনের ক্যান্টিনে বোমা বিস্ফোরণে শুক্রবার তিনজন নিহত ও ২০ জন আহত হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। দক্ষিণ ফিলিপাইনের উওরাঞ্চলের কোটাবাটো শহরে এ হামলার ঘটনা ঘটে।
কোটাবাটো শহরের পুলিশ প্রধান পানিয়ারেস আদপ জানান, বিস্ফোরণস্থল থেকে একটি উন্নতমানের বিস্ফোরক যন্ত্রের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। হামলার সময় ঘটনাস্থলেই মারা যায় এক শিশু। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দুজন।
বিস্ফোরণে আহত চার শিশুসহ মোট ২০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অধিকাংশ লোক সে সময় ক্যান্টিনে বসে খাচ্ছিলেন বলে জানান আদপ। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা এখনও এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু এটি একটি সন্ত্রাসী হামলা হওয়ার সম্ভাবনার কথাও বাতিল করছি না আমরা।”
আদপ আরও জানিয়েছেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র কোটাবাটো শহরে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছিল। গত মাসে আবাসিক এলাকায় বোমা বহন করার সময় আচমকা বিস্ফোরণে দুজন মারা যান।
গত দুই দশক ধরে মুসলমান জঙ্গিবাহিনী দেশটির ক্যাথলিক খ্রিস্টান নিয়ন্ত্রিত সরকার থেকে স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করছে।
ফিলিপাইন সরকার দেশটির সবচেয়ে বড় জঙ্গি সংগঠন আবু সায়াফের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের নিরস্ত্র করার চেষ্টা চালাচ্ছে। আবু সায়াফ ওই অঞ্চলের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন জেমাহ্ ইসলামিয়াহ্র সঙ্গে সম্পর্কিত।
গত সপ্তাহে সুলতান কুদরত প্রদেশের কাছে টাকুরঙ্গ শহরে একটি বিলিয়ার্ড হলে বোম হামলায় আটজন মারা যান। এ হামলার জন্য আবু সায়াফকে দায়ী করা হয়।
