২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন বিশ্বব্যাংক প্রধান উলফোভিৎস

বিশ্বব্যাংক প্রধান পল উলফোভিৎস অবশেষে পদত্যাগ করলেন। পরিচালনা পরিষদের সঙ্গে চূড়ান্ত বোঝাপড়ার পর বৃহস্পতিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। অনিচ্ছা সত্ত্বেও বুশ তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউস মুখপাত্র টনি ফ্রাত্তো। তিনি জানান, উলফোভিৎসের জায়গায় নতুন কাউকে এখন মনোনয়ন দেওয়ার কথা ভাবছেন বুশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2007, 12:15 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

ব্যাংকের পরিচালনা পরিষদের সদস্য ও ইউরোপীয় দেশগুলোর প্রবল চাপের মুখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বান্ধবী শাহা রিজাকে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া উলফোভিৎস। তার পদত্যাগ ৩০ জুন থেকে কার্যকর হবে।

উলফোভিৎসকে নিয়ে সৃষ্ট বিতর্ক আরও গভীর সঙ্কটে পড়ে যখন বিশ্বব্যাংকের প্রায় ১০ হাজার কর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচালনা পরিষদকে এক চিঠিতে জানান, ব্যাংকের নেতৃত্ব নিয়ে সঙ্কট তাদের কাজে, বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে ক্ষতিগ্রস্ত করছে। কেউ কেউ অভিযোগ করেন, উলফোভিৎস দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও সুশাসন প্রশ্নে দ্বৈত ভূমিকা পালন করছেন।  

উলফোভিৎসের মুখরক্ষার এক সমঝোতায় বিশ্বব্যাংকের পরিচালনা পরিষদ ব্যাংক প্রধানের লিখিত বক্তব্য মেনে নেওয়ার পর পদত্যাগের এ সিদ্ধান্ত এলো। বান্ধবী শাহা রিজাকে পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার ঘটনা সম্পর্কে ওই বক্তব্যে উলফোভিৎস লেখেন, “প্রতিষ্ঠানের স্বার্থে যা ভাল হবে বলে মনে করেছেন, সরল বিশ্বাসে তাই করেছেন তিনি।”

পদত্যাগপত্র জমা দেওয়ার সময় দেওয়া এক বিবৃতিতে উলফোভিৎস বলেছেন, “দারিদ্র বিমোচনে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা বিশ্বের দরিদ্রতম মানুষগুলোর প্রাপ্য।” তিনি আরও বলেন , “সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা কিছু করার এখনই সময়।”

মার্কিন অর্থমন্ত্রী হেনরি পলসন শিগগিরই উলফোভিৎসের উত্তরসুরী নির্বাচনের ব্যাপারে প্রেসিডেন্ট বুশকে সাহায্য করবেন। এর জন্য তিনি বিশ্বের বিভিন্ন দেশে তার প্রতিপক্ষদের সঙ্গে আলোচনা করবেন বলে পলসন জানান।

এর আগে বুধবারও উলফোভিৎস বলেছিলেন যে ইউরোপীয় দেশগুলোর চাপ সত্ত্বেও বিশ্বব্যাংক প্রধানের পদ ছাড়বেন না তিনি।

ইরাক যুদ্ধের রূপকার সাবেক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উলফোভিৎস এর আগে পরিচালনা পরিষদকে বলেন, তিনি ব্যাংকের এক কর্মী ও তার বান্ধবী শাহা রিজাকে পদোন্নতি দিয়েছিলেন নিয়মনীতি বিষয়ক পরিষদের একটি কমিটির পরামর্শে এবং সেটা তিনি বিশ্বাস করেই করেছিলেন। কাজেই তিনি চান, পরিষদ নিজেই নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করুক। তবে পরিষদের এক তদন্ত প্যানেল বলছে, উলফোভিৎস ব্যাংকের নিয়মনীতি ভেঙে রিজাকে পদোন্নতি দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কাজ করেছেন।     

তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ডাকা ব্যাংকের পরিচালনা পরিষদের একটি বৈঠক বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছিল।

উলফোভিৎস ২০০৫ সালের জুন মাসে বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত হন। চাকরির শর্ত অনুযায়ী তিনি যদি পদত্যাগ করেন, কিংবা পরিচালনা পরিষদ যদি তাকে চাকরিচ্যুত করে তবে তিনি এক বছরের পারিশ্রমিক হিসেবে পৌনে চার লাখ ডলার পাবেন।