হোয়াইট হাউসে ব্লেয়ারের সঙ্গে বিদায় সম্মেলনে বুশ
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সৌজন্যে বৃহস্পতিবার হোয়াইট হাউসে বিদায় সম্মেলনের আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ইরাক যুদ্ধনীতিতে এতবছর পাশে থাকা এই ঘনিষ্ঠ বন্ধুকে এভাবেই বিদায় জানাচ্ছেন তিনি।
ইরাক যুদ্ধ দুদেশে অজনপ্রিয় হলেও এ যুদ্ধ চালিয়ে যেতে আজ এই বিদায়লগ্নেও ব্লেয়ার-বুশ দুজনের প্রতিশ্র“তিই অটুট। ২৭ জুন ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার পেছনে রয়েছে ইরাক যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ। ইরাক যুদ্ধে বুশের পাশে দাঁড়িয়ে এবং তার প্রতি সমর্থন অব্যাহত রাখায় ব্লেয়ারকে এই মূল্য দিতে হয়েছে। সমালোচকরা তাকে এজন্য বুশের খয়ের খাঁ বলেও নিন্দা করেছেন।
ইরাক যুদ্ধের কারণে দুজনেরই ভাবমূর্তি নষ্ট হয়েছে। জনপ্রিয়তায় নেমেছে ধ্বস। এই বিরূপ পরিস্থিতিতে প্রচণ্ড চাপের মুখে ব্লেয়ারই আগে ক্ষমতা থেকে সরে যাচ্ছেন। ফলে ইরাক যুদ্ধনীতিতে নি:সঙ্গ হওয়ার পালা আসছে বুশের।
ব্লেয়ারকে তাই শেষ বিদায় জানাতেই বুশের এ আয়োজন। গত বৃহস্পতিবার ব্লেয়ারের পদত্যাগের ঘোষণার পরপরই বুশ জানান, তার এই বন্ধুকে বড্ড মিস করবেন তিনি।
ব্রিটেনের চেয়ে যুক্তরাষ্ট্রে ব্লেয়ারের জনপ্রিয়তা বেশি। বুধবার সন্ধ্যায় সম্মেলনে যোগ দিতে এসে প্রণঢালা অভিনন্দনই পেয়েছেন তিনি। ব্লেয়ারকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বন্ধু বুশ বলেন, “আপনি খ্যাতনামা ব্যক্তি।” ব্লেয়ারকে হোয়াইট হাউসের লবিতে নিয়ে যেতে যেতে কথাগুলো বলেন বুশ। এরপর একান্তে নৈশভোজে যাওয়ার আগে ছবির জন্য ক্যামেরায় পোজ দেন দুজন ।
হোয়াইট হাউসের ‘এক্সেকিউটিভ ম্যানসনে’ রাত কাটিয়ে ব্লেয়ার এরপর বুশের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন। সেখানে বুশের সঙ্গে কয়েকটি বিষয় নিয়ে ব্লেয়ার আলাপ করবেন বলে মনে করা হচ্ছে।
আলোচ্য বিষয়ের মধ্যে আগামী মাসে জার্মানিতে অনুষ্ঠিতব্য জি-৮ সম্মেলনের আগেই বিশ্ব উষ্ণায়ন ইসুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের ব্যবধান কমিয়ে আনা, স্থগিত হয়ে যাওয়া বিশ্ব বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়া এবং আফ্রিকায় দারিদ্র দূরীকরণ প্রধান্য পেতে পারে।
তবে অন্যসব ইসুর মাঝে দুজনের আলোচনায় অবশ্যই উঠে আসবে ইরাক যুদ্ধ প্রসঙ্গ। কারণ, বুশ ও ব্লেয়ারের বন্ধুত্ব গড়ে ওঠার পেছনে রয়েছে এ যুদ্ধ।এ যুদ্ধে দুজন আবারও একতাই প্রকাশ করবেন এবং এ যুদ্ধকে বৈধতা দেয়ারই চূড়ান্ত চেষ্টা চলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সম্মেলনে ব্লেয়ার ইরাক থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে বিরোধীদলের নেতৃত্বাধীন কংগ্রেসের প্রচণ্ড চাপের মুখে থাকা প্রেসিডেন্ট বুশকে নৈতিক সমর্থন দেবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ব্লেয়ারের কাছ থেকে তার উত্তরসূরী গর্ডন ব্রাউনের ইরাক নীতি অক্ষুন্ন রাখার নিশ্চয়তা চাইতে পারেন বুশ।
ব্রিটেনের ভাবী প্রধানমন্ত্রী ব্রাউন ইতমধ্যেই ইরাকে ভুল হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন। তবে তিনি ইরাক থেকে এখনই সেনা না ফেরানোর পক্ষেই কথা বলেছেন। ওদিকে, বুশও বলেছেন তিনি ব্রাউনের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কিন্তু ব্রাউন এখন ব্লেয়ারের সুরে কথা বললেও তিনি তার পূর্বসূরির মতো বুশের সঙ্গে অতটা ঘনিষ্ঠতা রাখবেন না বলেই মনে করা হচ্ছে। এরকম আভাসও ব্রাউন ইতোমধ্যেই দিয়েছেন।
