২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক নিয়ে ইরান - যুক্তরাষ্ট্র বৈঠক ২৮ মে

ইরাকের নিরাপত্তা নিয়ে ইরান - যুক্তরাষ্ট্র বৈঠক অনুষ্ঠিত হবে আগামী ২৮ মে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মুত্তাকি ইসলামাবাদে মুসলিম দেশগুলোর (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বৃহস্পতিবার একথা জানান। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশিয়ার জাবেরি ওই বৈঠককে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই তার দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2007, 04:01 PM

Updated : 26 Apr 2022, 02:21 PM

মুত্তাকি বলেন, দুই দেশের কর্মকর্তাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে ইরাকের পরিস্থিতি। তবে তিনি দুই দেশের মধ্যে বিতর্কিত কিছু বিষয়, যেমন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাবনা বাতিল করে দেন।    

তিনি বলেন, “আলোচনা সীমাবদ্ধ থাকবে ইরাক প্রসঙ্গেই। ইরাকি কর্মকর্তাদের উপস্থিতিতে এ আলোচনা অনুষ্ঠিত হবে।”

“আলোচ্যসূচিতে ইরাক ছাড়া আর কিছুই নেই,” জোর দিয়ে বলেন তিনি।

ইরাকি নেতাদের অনুরোধে রাষ্ট্রদূত পর্যায়ে এ আলোচনা হবে বলে তিনি জানান।

এর আগে ওয়াশিংটন জানায়, ইরান কীভাবে ইরাকের নিরাপত্তা বাড়াতে ‘ইতিবাচক ভূমিকা’ পালন করতে পারে তা নিয়ে শিগগিরই বৈঠক হবে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ইরাকের শিয়া বিদ্রোহীদের মদদ দিচ্ছে। ইরান এ অভিযোগ অস্বীকার করেছে এবং পাল্টা অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ইরাকের শিয়া ও সুন্নি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে।

মার্কিন কর্মকর্তারা এর আগে অনেকবার বলেছেন, তারা ইরানের সঙ্গে আলোচনায় বসতে চান, তবে সে আলোচনা কেবল ইরাকের পরিস্থিতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

মুত্তাকি অভিযোগ করেন, ইরাকের ক্রমাবনতিশীল পরিস্থিতি এটাই প্রমাণ করেছে যে সেদেশে মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের নীতি ভুল।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত জানাননি।