ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয় ফিলোন
ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি উদারপন্থী রক্ষণশীল ফ্রাঁসোয় ফিলোনকে দেশের প্রধানমন্ত্রী নিয়োগ করেছেন। বৃহস্পতিবার প্রথম কার্যদিবসেই সারকোজির প্রধানমন্ত্রী হিসাবে ফিলোনের নাম ঘোষণা করেন।
সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের উত্তরসূরী হিসাবে বুধবার শপথ নিয়েই সারকোজি দেশে আমূল সংস্কারের প্রতিশ্র“তি দিয়েছিলেন। তার এই সংস্কার বাস্তবায়নের ভার থাকবে নতুন প্রধানমন্ত্রীর ওপর। সারকোজির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী পদে ফিলোনের নাম ঘোষণার পরপরই তাকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
সারকোজির নির্বাচনী প্রচারাভিযানের অগ্রভাগে ছিলেন ৫৩ বছর বয়সী ফিলোন এবং স্পর্শকাতর কয়েকটি ইসুতে সংস্কার কাজের জন্য শক্তিশালী ট্রেড ইউনিয়নের সঙ্গে তিনি কাজ করেছেন। এভাবেই ফিলোন প্রধানমন্ত্রী পদে একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে পছন্দের তালিকায় উঠে আসেন।
বৃহস্পতিবার ফ্রান্সে সাধারণ ছুটি হলেও এদিনই সারকোজির প্রথম কার্যদিবস। বুধবার শপথ নেয়ার পরই সারকোজি ফ্রান্সের জনগণের ভাগ্যন্নোয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনায় ফিলোনের উন্মুক্ততা দেশে পরিবর্তন নিয়ে আসায় এবং সংস্কার কাজ ত্বরান্বিত করতে সহায়ক হবে বলেই মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নাম ঘোষণার পর মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের নাম সারকোজি শুক্রবারই ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। সারকোজি ১৫ জন মন্ত্রীর কেবিনেট গঠন করবেন এবং এ কেবিনেটের অর্ধেকই নারী সদস্য নিতে চান তিনি।
গুরুত্বপূর্ণ পদগুলোতে কে থাকবে তা এখনও পরিষ্কার নয়। তবে বামপন্থী বারনার্ড কাউচনারকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নতুন প্রধানমন্ত্রী ফিলোন সাবেক প্রধানমন্ত্রী ভিলোপোর কাছ থেকে ক্ষমতা নেবেন। ভিলোপো ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।
